• রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন
শিরোনাম

লা লিগায় ১৫ বছর পর রিয়ালের হারে শীর্ষে ওঠার সুযোগ পেল বার্সা

প্রভাত রিপোর্ট / ৬ বার
আপডেট : রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬

প্রভাত স্পোর্টস : লা লিগায় রিয়াল মাদ্রিদ–বার্সেলোনার ইঁদুর–বিড়াল লড়াই যেন শেষই হচ্ছে না। গতকাল রাতে ওসাসুনার মাঠে রিয়াল মাদ্রিদের ২–১ গোলের হারে এই লড়াই এখন আরও জমে উঠেছে। গত সপ্তাহে জিরোনার মাঠে ২–১ গোলে হেরে যায় বার্সেলোনা। বার্সার হারে দুই পয়েন্টের লিড নিয়ে শীর্ষে উঠে আসে রিয়াল। ওসাসুনার বিপক্ষে জিতলে সেই ব্যবধান বাড়িয়ে পাঁচে নিতে পারত রিয়াল। কিন্তু জেতার বদলে উল্টো হেরে বসেছে তারা। ওসাসুনার বিপক্ষে দীর্ঘ ১৫ বছর পর লা লিগায় হারের স্বাদ পেল রিয়াল। সর্বশেষ ২০১১ সালে রিয়ালকে হারিয়েছিল তারা।
এই হারের ফলে এখন আবারও শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়েছে মাদ্রিদের ক্লাবটি। আজ রাতে ন্যু ক্যাম্পে লেভান্তের মুখোমুখি হবে বার্সা। এই ম্যাচে জিতলেই রিয়ালকে টপকে ১ পয়েন্টের লিড নিয়ে শীর্ষে উঠবে হান্সি ফ্লিকের দল।
বর্তমানে ২৫ ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। এক ম্যাচ কম খেলে বার্সার পয়েন্ট ৫৮। ২৪ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে বেশ পিছিয়ে থেকে তৃতীয় ভিয়ারিয়াল। ফলে শিরোপা–লড়াইটা যে এখন শুধুই বার্সা ও রিয়ালের, তা বলাই যায়।
ওসাসুনার মাঠে হারের আগে লা লিগায় টানা ৮ ম্যাচ জিতেছিল রিয়াল। শনিবার রাতেও ফেবারিট হিসেবে মাঠে নামে তারা। একচ্ছত্র বলের দখল রাখলেও কাজের কাজটি করতে পারেনি আলভারো আরবেলোয়ার দল।
ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি গোলে ওসাসুনাকে এগিয়ে দেন আন্তে বুদিমির। বিরতির পর ৭৩ মিনিটে ভিনিসিয়ুস জুনিয়র সমতায় ফেরান রিয়ালকে। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। ৯০ মিনিটে রিয়ালকে হতাশায় ভাসিয়ে গোল করেন ওসাসুনার রাউল গার্সিয়া। ম্যাচ শেষে হতাশ রিয়াল কোচ আরবেলোয়া বলেন, ‘আমরা ভালো খেলতে পারিনি। আমাদের আরও অনেক ভালো খেলতে হবে। কিছু সময় ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতেই ছিল, কিন্তু খেলায় গতি ছিল না। বুধবার আমাদের সামনে আরেকটি ফাইনালের মতো ম্যাচ (চ্যাম্পিয়ানস লিগে বেনফিকার বিপক্ষে প্লে–অফ ফিরতি লেগ), যা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
আগামী বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে চ্যাম্পিয়নস লিগ প্লে–অফের ফিরতি লেগে বেনফিকার মুখোমুখি হবে রিয়াল। এর আগে প্রথম লেগে বেনফিকার মাঠে ১–০ গোলে জিতেছে রিয়াল।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও