• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন

জমি নিয়ে বিরোধ, বাবার কবরের বেড়া ভাঙচুর করলেন ছেলে

প্রভাত রিপোর্ট / ২৫ বার
আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২৬

প্রভাত সংবাদদাতা,গাইবান্ধা : গাইবান্ধা সদর উপজেলায় বাবার কবরে ভাঙচুরের অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। জানা গেছে, পৈতৃক সম্পত্তির ভাগ কম পাওয়ার ক্ষোভে অভিযুক্ত ছেলে বাবার কবরের ওপর থাকা গাছ ও বাঁশ-খুঁটির বেড়া ভেঙে ফেলেন। মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের দক্ষিণ আনালের তাড়ি গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে। অভিযুক্ত শাহ আলম মিয়া শালু ওই গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার ছোট ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল মান্নান মিয়া জীবদ্দশায় তার চার বিঘা জমি পাঁচ ছেলের মধ্যে বণ্টন করে দেন। তার ছেলেরা হলেন— জালাল উদ্দিন, ইকবাল মিয়া, রেজ্জাক মিয়া, এজাদুল মিয়া এবং সবার ছোট শাহ আলম মিয়া শালু।
অভিযোগ রয়েছে, মেজ ভাই ইকবাল মিয়া বেশি জমি পেয়েছেন— এমন অভিযোগ তুলে ক্ষুব্ধ হন ছোট ছেলে শালু, যিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য। বাবার কবরটি মেজ ভাইয়ের অংশে পড়ায় তিনি ওই জায়গার মালিকানা দাবি করে কবরের ওপর উঠে বাঁশের বেড়া ও অন্যান্য কাঠামো ভাঙচুর করেন।
এদিকে, ঘটনার পর থেকেই এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শালু এলাকায় প্রভাব বিস্তার করার চেষ্টা করেন এবং তার অন্যায়ের প্রতিবাদ করলে সাধারণ মানুষকে হুমকি-ধমকি দেন।
এ ঘটনায় এলাকাজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। নিজের বাবার কবরের ওপর এমন তাণ্ডব গ্রামবাসী ও স্বজনদের হতবাক করেছে।
এ বিষয়ে জানতে অভিযুক্ত শাহ আলম মিয়া শালুর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। অন্য চার ভাইয়ের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খোলাহাটি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হাই বলেন, ‘এমন ঘটনাট অত্যন্ত নিন্দনীয়। জমির তুচ্ছ বিরোধ নিয়ে নিজের জন্মদাতা বাবার কবর ভাঙচুর করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও