প্রভাত ডেস্ক: ইরানের মিত্র হুথি বিদ্রোহীরা যুদ্ধে যোগ দেয়ার হুমকি দেয়ার পর ইয়েমেন থেকে একটি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
বিবৃতিতে ইসরায়েলি সামরিক বলেছে, তারা ইয়েমেন থেকে ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা শনাক্ত করেছে। এ হুমকি মোকাবিলায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।
দ্বিতীয় মাসে পদার্পণ করতে যাওয়া এই যুদ্ধে ইয়েমেন থেকে হামলা হওয়ার বিষয়ে এটিই প্রথম আনুষ্ঠানিক কোনো বিবৃতি। শনিবার ভোরের এই বিবৃতির আগে শুক্রবার আরও কিছু খবর পাওয়া যায়। তাতে বলা হয়, ইরান প্রায় পাঁচ ঘণ্টার ব্যবধানে তেল আবিবে অন্তত পাঁচ দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এ হামলার ফলে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত ইসরায়েলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল ও সতর্ক সংকেত বা সাইরেন বাজছিল।
হিজবুল্লাহর এ সক্ষমতার কথা আগে থেকেই জানা ছিল। তবে রাজধানীর আকাশে এ অস্ত্রের ব্যবহারকে ইসরায়েল–হিজবুল্লাহ সংঘাতে বড় ধরনের কৌশলগত পরিবর্তন হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের রুখতে গত ২৪ ঘণ্টায় সীমান্ত ও দেশের অভ্যন্তরে অন্তত ৮২টি অভিযান চালিয়েছে হিজবুল্লাহ।
সশস্ত্র গোষ্ঠীটির দাবি, টায়ার শহরের কাছে তারা দুটি ইসরায়েলি ট্যাংক ধ্বংস করেছে। এ ছাড়া খিয়াম শহরের নিয়ন্ত্রণ নিতে আসা ইসরায়েলি বাহিনীর সঙ্গে তাদের যোদ্ধাদের তীব্র লড়াই চলছে।
ইসরায়েলের সামরিক বাহিনীর গোপনীয়তার কারণে তাদের প্রকৃত অবস্থান জানা কঠিন হলেও হিজবুল্লাহর পাল্টা হামলার স্থানগুলো থেকে যুদ্ধের তীব্রতা আঁচ করা যাচ্ছে। বর্তমানে লেবাননের কানতারা ও মিনিয়ারা শহরে দুপক্ষের মধ্যে সরাসরি স্থলযুদ্ধ চলছে বলে জানা গেছে। তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান