প্রভাত রিপোর্ট: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, আমাদের ডিজেলের কোনো সমস্যা নেই। আগামী দুই-তিন দিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। বহির্বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশেও জ্বালানি তেলের মূল্য বাড়ানো হয়েছে। বুধবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন।
আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের অকটেন ও পেট্রোল দেওয়া হচ্ছে না, দেওয়া হচ্ছে ডিজেল। সাধারণ মানুষের মধ্যে যেন ভুল বোঝাবুঝি না হয়, সেজন্য প্রত্যেকটা পাম্পে এবং যে গাড়িগুলো বহন করবে তাদের নির্ধারিত যে তেলগুলো আছে, সেগুলো নেওয়ার জন্য যাতে প্রতিবন্ধকতা সৃষ্টি না হয়। পাম্পে যেভাবে বলে দেওয়া হয়েছে সেভাবে তা নিতে হবে। মন্ত্রী আরও বলেন, শ্রমিক-মালিক আগামী দিনগুলো কীভাবে ভালোভাবে যায়, শ্রমিকদের সমস্যা কীভাবে সমাধান করা যায়, কলকারখানা কিভাবে সমৃদ্ধশালী করা যায় এসব বিষয়ে সভায় আলোচনা হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন- গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান, গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম বাচ্চু ও গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ফজলুল হক মিলন প্রমুখ।