প্রভাত সংবাদদাতা, কুমিল্লা: কুমিল্লার বুড়িচংয়ে নির্মাণাধীন একটি সেতুর কাজ সম্পন্ন না করেই ঠিকাদার পালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে দুর্ভোগে পড়েছে ৫ গ্রামের অন্তত ২৫ হাজার মানুষ। ভুক্তভোগী এলাকাবাসী সেতু দ্রুত নির্মাণের দাবি জানিয়েছেন।
জানা গেছে, ২০২৫ সালের ডিসেম্বরে ২৪ লাখ টাকা ব্যয়ে উপজেলার দক্ষিণগ্রাম-পাইকোটা-রাজাপুরে সেতুটির নির্মাণ কাজ শুরু হয়। চলতি বছরের মে মাসের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের আগেই কাজ বন্ধ করে দেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম আরিফ এন্টারপ্রাইজ।
সরেজমিন দেখা গেছে, সেতুর পিলারের আংশিক কাজ শেষ হলেও পাটাতন নির্মাণ হয়নি। বেরিয়ে থাকা রডে মরিচা ধরছে এবং চুরির আশঙ্কাও রয়েছে। বিকল্প পথ না থাকায় অনেকেই কোমরসমান পানি পেরিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
স্থানীয়দের অভিযোগ, পুরাতন ব্রিজ ভেঙে নতুন নির্মাণকাজ শুরুর সময় বিকল্প যাতায়াত ব্যবস্থা রাখা হয়নি। ফলে দক্ষিণগ্রাম, পাইকোটা, রাজাপুরসহ আশপাশের অন্তত ৫ গ্রামের হাজারো মানুষ যাতায়াতে চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীদের বিকল্প পথে ঘুরে যেতে অতিরিক্ত অর্থ ও সময় ব্যয় হচ্ছে। তারা আরও বলেন, সেতুটির কাজ সম্পন্ন না হওয়ায় কৃষকরা মাঠ থেকে ধান পরিবহনেও দুর্ভোগে শিকার হচ্ছেন। তাছাড়া জরুরি প্রয়োজনে রোগী, বিশেষ করে অন্তঃসত্ত্বা নারীকে হাসপাতালে নেওয়ার সময় কয়েক কিলোমিটার ঘুরে যাতায়াত করতে হয়।
এ বিষয়ে জানতে ঠিকাদার নিক্সনকে ফোন করা হলে শ্রমিক সংকটের কথা জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করেন। পরে একাধিকবার ফোন করা হলেও তিনি আর রিসিভ করেননি।
উপজেলা প্রকৌশলী আলিফ আহমেদ বলেন, এ বিষয়ে আমরা অবগত রয়েছি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ সম্পর্কে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিতে ভালো তথ্য দিতে পারবেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জুবায়ের হাসান বলেন, ঠিকাদার দীর্ঘদিন ধরে কাজ বন্ধ রেখেছেন এবং কাজের মান নিয়েও অভিযোগ রয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।