প্রভাত সংবাদদাতা, দিনাজপুর: দীর্ঘদিন বন্ধের পর ভারতীয় টুরিস্ট ভিসা চালু হওয়ায় দিনাজপুরের হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে যাত্রী পারাপার। ফলে ইমিগ্রেশন এলাকায় চাঞ্চল্য ফিরেছে। এতে স্বস্তিতে স্থানীয় খুচরা ব্যবসায়ীরা। সোমবার (২৪ আগস্ট) দুপুরে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ওসি মো. জাকারিয়া বিষয়টি নিশ্চিত করেন।
জানা গেছে, ভারত ও বাংলাদেশের মধ্যে ভ্রমণ, চিকিৎসা এবং আত্মীয়-স্বজনের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে যাতায়াতকারীদের সংখ্যায় বেশি।
ইমিগ্রেশনের তথ্যানুযায়ী, মাস দুয়েক আগে উভয় দেশের প্রতিদিন গড়ে প্রায় ১১০ থেকে ১২০ জন যাত্রী ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাতায়াত করতেন। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দৈনিক প্রায় ১৫০ থেকে ১৬০ জনে দাঁড়িয়েছে। টুরিস্ট ভিসা কার্যক্রম চালু হওয়ার পর থেকেই যাত্রী পারাপারের এই ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী শাকিল হোসেন জানান, দীর্ঘদিন পর এই ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পর্যটন ভিসায় অনেকেই চিকিৎসা ও ব্যক্তিগত কাজে ভারত যাচ্ছেন। একই সঙ্গে ভারত থেকে বাংলাদেশেও পর্যটক ও দর্শনার্থীদের আগমন বেড়েছে। এ কারণে আমাদের ক্রেতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ক’দিন আগে দিনে যে পরিমাণ আয় হতো তা দিয়ে স়ংসার চালানো কষ্টকর হয়েছিল।
ইমিগ্রেশনের পাশে পেয়ারা বিক্রেতা রইচ আহমেদ নামের এক ব্যক্তি জানান, আগের চেয়ে বিক্রি বেড়েছে, মাসখানেক আগে এখানে শুধু দর্শনার্থীরা আসতো এখন ভারতে যাওয়ার যাত্রীর সংখ্যা বাড়ায় তাদের আত্মীয় বা পরিবারের সদস্যরা আসেন ফলে বেচা বিক্রি বেড়েছে।
বিষয়টি নিয়ে জানতে চাইলে হিলি ইমিগ্রেশন ওসি জাকারিয়া জানান, যাত্রী সংখ্যা বেড়েছে, পাশাপাশি পারাপার কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যাত্রীদের দ্রুত ও নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে ইমিগ্রেশন ও সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করে যাচ্ছে।