প্রভাত সংবাদদাতা,রূপগঞ্জ : সারা দেশে আগামী ২৬ সেপ্টেম্বর থেকে ব্যাপক আকারে শিশুদের ভ্যাকসিন বা টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। একই সঙ্গে দেশে চলমান ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
শনিবার ১২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের রূপগঞ্জের পাড়াগাঁও ঈদগাহ মাঠে আয়োজিত এক ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে এবং রূপগঞ্জ প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সবার জন্য সুস্বাস্থ্য নিশ্চিতকরণের অঙ্গীকার করেছেন। সেই লক্ষ্য বাস্তবায়নেই বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। টিকাদান কর্মসূচির ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী বড় পরিসরে ভ্যাকসিন কার্যক্রম শুরু হবে। ৬ বছর বয়স পর্যন্ত সব শিশুকে বাড়ি থেকে এনে এই ভ্যাকসিন দেওয়া নিশ্চিত করতে তিনি দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্টদের অনুরোধ করেন।
দেশে চলমান ডেঙ্গু পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মন্ত্রী বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রাদুর্ভাব অনেক বেশি। ডেঙ্গু প্রতিরোধে আজই জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন। ডেঙ্গু মোকাবেলায় প্রত্যেকের বাড়ির আঙিনা, ফুলের টব ও টায়ারে জমে থাকা পানি পরিষ্কার রাখতে তিনি সবার প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে ফ্রি মেডিকেল হেলথ কার্ড বিতরণ করেন। আলোচনা সভা শেষে তিনি পাড়াগাঁও ঈদগাহ পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।
রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই বিশেষ সভায় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু, নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফুদ্দিন বকুল এবং নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী,রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন, সাধারণ সম্পাদক হাজী বাছির উদ্দিন বাচ্চু, সহসভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, সৌদি আরব যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, বিএনপি নেতা সালাহউদ্দিন দেওয়ান, আব্বাস উদ্দিন ভুঁইয়া, হাজী আব্দুল মতিনসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ-সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ।