প্রভাত স্পোর্টস: চার হজম করে বোলিং শুরুর পর খেই হারিয়েছেন রাজস্থান রয়্যালসের ইংলিশ পেসার জোফরা আর্চার। গুজরাট টাইটান্সের বিপক্ষে ইনিংসের প্রথম ওভারটা তিনি শেষ করলেন ১১ বলে। যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ বলের ওভার। বিনিময়ে তিনি ১৮ রান খরচ করেন। ওই ওভার ছাড়াও ম্যাচটিতে সুখকর কোনো অভিজ্ঞতা হয়নি আর্চারের। পাশাপাশি রাজস্থানও গুজরাটের কাছে বড় হার দেখেছে।
শনিবার গুজরাটের বিপক্ষে আর্চারের ওভার দিয়ে শুরু হয় রাজস্থানের বোলিং ইনিংস। তার করার শর্ট, ওয়াইড লেন্থের প্রথম ডেলিভারিতে চার হাঁকান সাই সুদর্শন। এরপর মাঝে বিরতি দিয়ে ৫টি ওয়াইড এবং একটি নো বল করেন ইংল্যান্ডের এই গতিতারকা। ওই ওভারে আর্চার সবমিলিয়ে অতিরিক্ত ৯ রান খরচ করেছেন। সবমিলিয়ে তিনি ম্যাচে ৩ ওভার করেছেন, বাকি দুই ওভারে আর অতিরিক্ত রান না দিলেও খরচ করেন ৪৬ রান। বিনিময়ে ছিলেন উইকেটশূন্য।
আইপিএলে এর আগে এক ওভারে ১১ বলের বেশি হওয়ার নজির নেই। তবে বিব্রতকর এই রেকর্ডে আরও ৬ বোলারকে সঙ্গী হিসেবে পাচ্ছেন আর্চার। ২০২৩ আসরে আইপিএলে প্রথমবার মোহাম্মদ সিরাজ ১১ বলের ওভার করেন। এরপর তার দলে যোগ দেন তুষার দেশপান্ডে। ২০২৫ আইপিএলে তিক্ত এই অভিজ্ঞতার মুখে পড়েন শার্দুল ঠাকুর, সন্দিপ শর্মা ও হার্দিক পান্ডিয়া। প্রত্যেকেই এক ওভার শেষ করেন ১১ ডেলিভারিতে। চলতি আসরেই গুজরাটের বিপক্ষে পাঞ্জাব কিংসের পেসার আর্শদিপ সিং–ও ১১ বলে ওভার করে ওই তালিকায় নাম লেখান।
আর্চার অবশ্য আইপিএলে ১১ বলে ওভার সম্পন্ন প্রথম কোনো বিদেশি বোলার। এ ছাড়া ম্যাচের প্রথম ইনিংসেই লজ্জার এই কীর্তি গড়ার রেকর্ড ছিল না আর্চারের আগে। বাকি ছয়জনের কেউই প্রথম ওভারে ১১ বল করার নজির নেই।
এদিকে, আর্চারের দুর্দিনে গুজরাট টাইটান্স আগে ব্যাট করতে নেমে ২২৯ রানের বড় পুঁজি গড়ে। তাদের পক্ষে ‍শুভমান গিল ৪৪ বলে সর্বোচ্চ ৮৪, সুদর্শন ৫৫ রান করেছেন। বিপরীতে লক্ষ্য তাড়ায় নেমে ১৬.৩ ওভারে ১৫২ রানে অলআউট হয়ে ৭৭ রানের বড় ব্যবধানে হেরেছে রাজস্থান। তাদের হয়ে রবীন্দ্র জাদেজা ৩৮ এবং বৈভব সূর্যবংশীর ঝোড়ো ৩৬ রান ছাড়া আর কেউই বলার মতো রান করতে পারেননি।