প্রভাত ডেস্ক: যুক্তরাষ্ট্রের ডলারের বিপরীতে ইরানের রিয়ালের দরপতন অব্যাহতভাবে হচ্ছিল। পতন হতে হতে যা এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে গেছে। গতকাল শনিবার (২৮ নভেম্বর) এক মার্কিন ডলারে মিলছিল ৩০ লাখ রিয়াল। বার্তাসংস্থা রয়টার্স বলেছে, যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা ও ক্রমবর্ধমান অবরোধের মধ্যে মূল্যস্ফীতি বৃদ্ধির সঙ্গে রিয়ালের সর্বোচ্চ দরপতন হলো।
রয়টার্স জানিয়েছে, মুক্তবাজার ট্র্যাকিং ওয়েবসাইট বোন-বাস্টের তথ্য অনুযায়ী, গতকাল শনিবার এক মার্কিন ডলার ২৯ লাখ ৯২ হাজার রিয়ালে বিনিময় হয়েছে। যেখানে শুক্রবার এটি ছিল ২৯ লাখ ৩৮ হাজার। অপরদিকে অ্যালানচেন্ড জানায়, ২৯ লাখ ৯৯ হাজার রিয়ালের বিনিময়ে এক ডলার মিলছিল।
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধের আগে থেকেই ইরানের অর্থনীতিতে দুরাবস্থা চলছিল। এরপর যুদ্ধ শুরুর পর পরিস্থিতি আরও ঘোলাটে হয়। এরমধ্যে খাদ্যপণ্যের দাম সাধারণ মানুষের সাধ্যের বাইরে চলে যাচ্ছে। এর অন্যতম কারণ হলো মার্কিনিদের নৌ-অবরোধ। তারা গত জুলাই থেকে ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ আরোপ করে রেখেছে। এতে করে ইরান সমুদ্রে পথে পণ্য আমদানি বা রপ্তানি করতে পারছে না। এর বিকল্প হিসেবে স্থলপথ ব্যবহার করে পণ্য আনা নেওয়া করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্র এটিও বন্ধ করতে একটি টাস্কফোর্স গঠন করেছে।
এর পাশাপাশি এ সপ্তাহে ইরানের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থমন্ত্রী বলেছেন, নতুন নিষেধাজ্ঞার লক্ষ্য হলো আন্তর্জাতিক অর্থনৈতিক ব্যবস্থা থেকে ইরানকে বিচ্ছিন্ন করা এবং তাদের ছায়া ব্যাংকিং ব্যবস্থা বন্ধ করা।
সূত্র: রয়টার্স