প্রভাত স্পোর্টস: ওয়েম্বলি স্টেডিয়ামে আজ শুক্রবার লাদেশ সময় বিকেলে ইংল্যান্ডের ২৬ জনের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন কোচ টমাস টুখেল। তার আগেই ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, টুখেলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা হচ্ছে না ফিল ফোডেন, কোল পালমার ও হ্যারি ম্যাগুয়ারের। বিবিসি, দ্য টেলিগ্রাফ ও গার্ডিয়ান জানিয়েছে এ খবর।
ম্যানচেস্টার ইউনাইটেডের ৩৩ বছর বয়সী ডিফেন্ডার ম্যাগুয়ার ইংল্যান্ড কোচের এমন সিদ্ধান্তে ‘হতবাক ও মর্মাহত’। চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগেই বিশ্বকাপ দলে জায়গা না পাওয়ার ব্যাপারটি নিজের প্রতিক্রিয়ায় বুঝিয়ে দেন ম্যাগুয়ার।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে করা পোস্টে ম্যাগুয়ার লেখেন, ‘চলতি মৌসুমে নিজের পারফরম্যান্স দেখার পর আমি আত্মবিশ্বাসী ছিলাম যে দেশের হয়ে এই গ্রীষ্মে (বিশ্বকাপে) বড় ভূমিকা রাখতে পারব। এ সিদ্ধান্তে আমি হতবাক ও মর্মাহত। দলের সবার জন্য শুভকামনা।’
ম্যাগুয়ারের মা জো ম্যাগুয়ারও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের হতাশা প্রকাশ করেন। ইংল্যান্ড কোচের সিদ্ধান্তকে ‘বিরক্তিকর’ বলে মন্তব্য করেন। ইংল্যান্ডের আক্রমণভাগে একসময় হ্যারি কেইনের সঙ্গে অপরিহার্য সদস্য ভাবা হতো ফোডেন ও পালমারকে। চূড়ান্ত দলে জায়গা না পেয়ে এই দুই তারকাও মানসিকভাবে ভেঙে পড়েছেন বলে জানিয়েছে দ্য টাইমস। গত মার্চে আন্তর্জাতিক বিরতিতে ইংল্যান্ড দলে ফোডেনের অবদান নিয়ে টুখেলের মন্তব্যের পর তাঁর দলে থাকা নিয়ে সংশয় তৈরি হয়। তখন এই জার্মান কোচ মন্তব্য করেন, ম্যানচেস্টার সিটির হয়ে ফোডেন যে ধরনের ‘প্রভাব’ ফেলেন, ইংল্যান্ড দলে তা পারছেন না। ফোডেন ও পালমার দুজনেই আক্রমণভাগের মিডফিল্ডার। তবে ফরোয়ার্ড হিসেবেও বেশ ভালো।
ইংল্যান্ডের হয়ে ৪৯ ম্যাচ খেলা ফোডেন চলতি মৌসুমে সিটির হয়ে প্রিমিয়ার লিগে মাত্র ২২টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন। ৩২ লিগ ম্যাচে তাঁর গোল ৭টি, সতীর্থদের দিয়ে করান আরও ৫টি গোল। ফোডেনের মতো পালমারও চলতি মৌসুমে ধারাবাহিকতার অভাবে ভুগেছেন। পাশাপাশি চোটেও পড়েন। লিগে ২৫ ম্যাচে তাঁর ৯ গোল।
ফিরে দেখা বিশ্বকাপ: ১৯৭৮: ম্যারাডোনার কান্না এবং আর্জেন্টিনার প্রথম মুকুট
তবে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে থাকবেন অ্যাস্টন ভিলা স্ট্রাইকার ওলি ওয়াটকিন্স। গত বুধবার ভিলার ইউরোপা লিগ জয়ে বড় ভূমিকা রাখেন। তাঁর সঙ্গে বিশ্বকাপ দলে থাকবেন আল আহলি স্ট্রাইকার ইভান টোনিও। চলতি মৌসুমে সৌদি প্রো লিগে ৩২ ম্যাচে ৩২টি গোল করেছেন টোনিও। টুখেলের অধীনে এর আগে ইংল্যান্ডের হয়ে মাত্র দুই মিনিট খেলার সুযোগ পেয়েছেন টোনিও। পেনাল্টি শটে তিনি ইংল্যান্ডের নির্ভরতার জায়গা।
বাদ পড়তে যাচ্ছেন নটিংহাম ফরেস্টের মিডফিল্ডার মরগান গিবস-হোয়াইট। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে ইংলিশ খেলোয়াড়দের মধ্যে ওয়াটকিন্স ও ডমিনিক ক্যালভার্ট-লুইনের সমান সর্বোচ্চ ১৪ গোল করেও দলে জায়গা হচ্ছে না তাঁর।
ম্যাগুয়ারের পাশাপাশি ম্যানচেস্টার ইউনাইটেডে তাঁর সতীর্থ লুক শ–ও বাদ পড়তে যাচ্ছেন। টুখেলের প্রাথমিক স্কোয়াডে শয়ের নাম থাকায় তাঁকে চূড়ান্ত দলে রাখার জোরাল দাবি উঠেছিল। কিন্তু নিউক্যাসলের ড্যান বার্ন ও ম্যানচেস্টার সিটির নিকো ও’ রেইলি ডাক পেতে যাওয়ায় শেষ পর্যন্ত শয়ের বাদ পড়ার সম্ভাবনাই বেশি।
জানা গেছে, চেলসি ডিফেন্ডার লেভি কোলউইল এবং এসি মিলান ডিফেন্ডার ফিকায়ো তোমোরিও দল থেকে বাদ পড়বেন। তবে আর্সেনালের উইঙ্গার ননি মাদুয়েকে দলে জায়গা করে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। প্রিমিয়ার লিগজয়ী আর্সেনাল সতীর্থ বুকায়ো সাকা, ডেক্লান রাইস ও এবারিচি এজের সঙ্গে বিশ্বকাপ দলে যোগ দেবেন মাদুয়েকে। ম্যাগুয়ার, তোমোরি ও কোলউইলের বাদ পড়ার অর্থ হলো সিটি ডিফেন্ডার জন স্টোনসের বিশ্বকাপ দলে থাকার সম্ভাবনা অনেক বেশি। টুখেল স্টোনসকে গুরুত্বপূর্ণ খেলোয়াড় মনে করলেও সিটি ছাড়তে যাওয়া এই ডিফেন্ডারের ফিটনেস নিয়ে চিন্তিত ছিলেন।
ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার কোবি মাইনু থাকবেন বিশ্বকাপ দলে। ব্রেন্টফোর্ড মিডফিল্ডার জর্ডান হেন্ডারসনও দলে থাকবেন বলে জানা গেছে। দলের নেতৃত্বে টুখেলের প্রধান ভরসার জায়গা লিভারপুলের সাবেক এই মিডফিল্ডার।
ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ইংল্যান্ড দলের নতুন অফিশিয়াল অ্যাপের মাধ্যমে লাইভ অনুষ্ঠানে বিশ্বকাপের দল ঘোষণার পরিকল্পনা করেছে। স্কাই স্পোর্টসের উপস্থাপক কাইল ওয়াকারের সঞ্চালনায় এই অনুষ্ঠানে অতিথি হিসেবে থাকবেন ড্যানিয়েল স্টারিজ ও থিও ওয়ালকট। তাঁদের সঙ্গে যোগ দেবেন ইংল্যান্ড কোচ টমাস টুখেল। বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। এবার আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ‘এল’ গ্রুপে ইংল্যান্ডের প্রতিদ্বন্দ্বী ক্রোয়েশিয়া, ঘানা ও পানামা। যুক্তরাষ্ট্রের আর্লিংটনে ১৭ জুন ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে টুখেলের দল।