প্রভাত বিনোদন: পরনে সালোয়ার স্যুট, হাতে চুরি, কপালে টিপ, চোখে রোদচশমা আর গলায় মঙ্গলসূত্র- সম্প্রতি এমন লুকে দেখা যায় কঙ্গনা রানাউতকে। এরপর থেকেই বলিউডের এই অভিনেত্রীর বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। শুক্রবার সকাল থেকে সামাজিকমাধ্যমে ভাইরাল হয় একটি ভিডিও। সেখানে পাপারাজ্জিদের দেখেই তাড়াহুড়ো করে গাড়িতে উঠে যান কঙ্গনা! এরপরই সেই গুঞ্জন আরও জোরাল হয়।
কারও মতে, চুপিসারে বিয়ে সেরেছেন কঙ্গনা কেউ আবার বলছেন ‘ক্যুইন ২‘লুক ফাঁস। কঙ্গনার বিবাহিত জীবনের মঙ্গল কামনা করে এক নেটিজেন লেখেন, যেই হোক সেই ভাগ্যবান মানুষটি, আশা করি কঙ্গনার দাম্পত্য জীবন সুখের হবে।
৪১ বছর বয়সে বিয়ে করাটা স্বাভাবিকই। অপর এক ব্যক্তির মন্তব্য, অবশেষে কঙ্গনা বিয়ে করলেন।
বিয়ের জল্পনা ছড়াতেই মুখ খুললেন সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রাম স্টোরিতে ভাইরাল হওয়া ছবি পোস্ট করে কঙ্গনা জানিয়েছেন, প্রত্যেকদিন শহরের বিভিন্ন জায়গায় ঘুরে সিনেমার শুটিং করি। কেউ হয়ত আমার মেকআপ লুকের ছবি তুলেছে। আর তারপর থেকেই একের পর এক ফোন পাচ্ছি।
মজা করে আরও যোগ করেছেন, বিবাহিত মহিলার লুকে দেখলে সেটা এমন কী বড় ব্যাপার? তবে গোপনে বিয়ের গুঞ্জন উঠতেই নিজের অবস্থান স্পষ্ট করেছেন অভিনেত্রী। পোস্টের মাধ্যমেই প্রতিজ্ঞা করেছেন, তিনি কোনওদিন চুপিসারে বিয়ে করবেন না। সেই সঙ্গে দিয়েছেন আরও একটি বার্তা, শিল্পীরা বিভিন্নরকম চরিত্রে অভিনয় করে। তাই অযথা কাল্পনিক ভাবনাচিন্তা বৃথা।