নিজস্ব প্রতিনিধি,ফটিকছড়ি: চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় এক বাবা ও তার ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ স্থানীয়রা দুর্ঘটনায় জড়িত একটি বিআরটিসি বাসে আগুন ধরিয়ে দিলে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়।সোমবার (১ জুন) সকালে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের আমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন স্থানীয় মোটরসাইকেল মেকানিক শাহজাহান (৪৫) এবং তার ছেলে মোহাম্মদ আরিফ (১৮)।স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মোটরসাইকেলে করে গন্তব্যে যাওয়ার সময় একটি যাত্রীবাহী বিআরটিসি বাস, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে মোটরসাইকেলটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বাবা-ছেলে গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধারে এগিয়ে এলেও ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে এবং দুর্ঘটনায় জড়িত বিআরটিসি বাসটিতে আগুন দেয়। আগুনে বাসটির বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়।পরিস্থিতির কারণে চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং পরিস্থিতি স্বাভাবিক করেন। এরপর মহাসড়কে যান চলাচল পুনরায় শুরু হয়।ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আলম খান জানান, দুর্ঘটনায় দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম গ্রহণ করা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।