মো. চন্দন , নওগাঁ : নওগাঁর রাণীনগর উপজেলার কালিগ্রাম ইউনিয়নের কসবাপাড়া দীঘিরপাড় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হওয়া এই আগুনে মোঃ বেলাল হোসেন ও মোঃ সেলিম হোসেন নামে দুই ভাইয়ের একটি বসতবাড়ি পুড়ে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। আজ সকাল আনুমানিক ৮টা নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থায়ী বাসিন্দা ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, সকালে হঠাৎ করেই বাড়িতে আগুন জ্বলতে দেখে বেলালের বড় ভাই মোঃ সেলিম হোসেন তাৎক্ষণিকভাবে রাণীনগর ফায়ার সার্ভিসে খবর দেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর পূর্বেই আগুনের তীব্রতায় বাড়িটি পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত মোঃ সেলিম হোসেন জানান, তাঁর ছোট ভাই বেলাল হোসেনের স্ত্রী গতকাল ঘরের দরজায় তালা মেরে (বাপের বাসায় ) বেড়াতে গিয়েছিলেন। ঘর তালাবদ্ধ থাকায় এবং আগুনের ভয়াবহতা বেশি হওয়ায় ঘরের ভেতর থাকা আসবাবপত্র নগদ টাকা, গুরুত্বপূর্ণ দলিলপত্রাদিসহ কোনো মালামালই বের করা সম্ভব হয়নি। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সেলিম হোসেন দাবিএই অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২ থেকে আড়াই লাখ টাকার সমপরিমাণ ক্ষতি হয়েছে।
এদিকে খবর পেয়ে রাণীনগর ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার ফাইটার সেলিম হোসেন জানান, সংবাদ পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব ও তদন্ত অনুযায়ী, অগ্নিকাণ্ডে আনুমানিক ৭০ হাজার টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে এবং প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকার সমপরিমাণ মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই এই আগুনের সূত্রপাত হয়েছিল।