প্রভাত স্পোর্টস: ইউরোপের মাটিতে স্বাগতিক কোনও দেশের বিপক্ষে প্রথমবার খেলার অপেক্ষায় বাংলাদেশ। সেই দলটা র‌্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা সান মারিনো। তাদের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ খেলতে চান হামজা চৌধুরীরা। শুক্রবার রাত ১১টায় ম্যাচটি দেখাবে টি স্পোর্টস।
ফিফা র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে তলানির দল সান মারিনো (২১১)। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ১৮১। তবে র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা নিয়ে আত্মতুষ্টিতে ভুগতে চায় না বাংলাদেশ। গোলকিপার সুজন হোসেন যেমন বাস্তবতা তুলে ধরে বলেছেন, ‘ইউরোপে আসছি এবং ইউরোপের একটা টিমের সঙ্গে খেলবো। যেটা ইতিহাসে প্রথমবার এবং আমরা জানি, সান মারিনোর র‍্যাঙ্কিং নিচের দিকে। কিন্তু ইউরোপিয়ান দল হিসেবে যদি ধরি, নিয়মিত ওরা কাদের সঙ্গে খেলে এটা গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে। এবং এখানে র‍্যাঙ্কিং কোনও ব্যাপারই না।’
এই ম্যাচের মাধ্যমে বাংলাদেশে নতুন কোচ থমাস ডুলি-অধ্যায় শুরু হচ্ছে। এই ম্যাচকে সামনে রেখে আগে বেশ কিছু সেশন হয়েছে। তার দর্শন এবং টেকনিক্যাল, টেকটিক্যাল দিকগুলোর সঙ্গে খেলোয়াড়েরা মানিয়ে নিয়েছেন বলে জানান সহকারী কোচ হাসান আল মামুন। বাফুফের পাঠানো অডিও বার্তায় তিনি বলেছেন, ‘থমাসের (ডুলি) অধীনে আমরা ঢাকা থেকে অনুশীলন শুরু করি। অনেকগুলো সেশন হয়ে গেছে। তার যে আইডিয়া, গেম প্ল্যান, এবং একটা কোচ থেকে আরেকটা কোচের অধীনে যাওয়ার বিষয়টি আমাদের খেলোয়াড়েরা মানিয়ে নিয়েছে। সে (ডুলি) সিম্পল ফুটবল এবং বল পজিশন রাখতে পছন্দ করে। তাছাড়া নিখুঁত এবং একসঙ্গে প্রেসিংয়ের ওপর জোর দিচ্ছেন।’
দেশের বাইরে খেলতে গেলে বরাবরই প্রবাসী বাংলাদেশীদের সমর্থন পায় বাংলাদেশ দল। এবারই প্রথম সান মারিনোতে ম্যাচ। সান মারিনো ইতালি ভূখন্ডের মধ্যে আলাদা একটি রাষ্ট্র। রোম থেকে যেখানে বাসযোগে যাওয়া যায় ৪-৫ ঘণ্টায়। আর ইতালিতে প্রচুর প্রবাসী বাংলাদেশী রয়েছেন। সান মারিনোর সেরাভালে স্টেডিয়ামে ম্যাচটি গড়াবে বাংলাদেশ সময় রাত ১১টায়। এই ম্যাচের জন্য টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। জানা গেছে, ৫-৭ হাজার ধারণক্ষমতার এই মাঠের প্রায় দুই-তৃতীয়াংশ টিকিটই কিনেছেন বাংলাদেশের সমর্থকেরা। তাই অনেক বেশি বাংলাদেশী সমর্থক মাঠে আসবে এটি বিশ্বাস বাংলাদেশ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের। বসুন্ধরা কিংসে খেলা এই তারকা বলেছেন, ‘চাইবো আমাদের সাপোর্টাররা বেশি আসুক। তাহলে এখানেই নিজের হোম মনে করে আমরা মাঠে নামবো। আর ইনশাআল্লাহ ভালো খেলে জয় ছিনিয়ে আনবো।’