প্রভাত সংবাদদাতা,নরসিংদী: স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুতি, ট্রান্সফার বা বদলি আমি বিশ্বাস করি না। কাজ করতে হবে সততার সাথে। দুর্নীতি, ঘুষ-বাণিজ্য বন্ধ করতে হবে। এটাকে আমরা কোনো প্রশ্রয় দেব না। দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার করা হবে। শনিবার (৪ জুলাই) দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কারের মাধ্যমে নতুনভাবে সাজিয়ে আরও ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। ফ্যামিলি প্লানিং সেন্টারগুলোকে উন্নত করা হবে। স্বাস্থ্যখাতে এই বছরেই একটা বিপ্লবের সূচনা করতে চাচ্ছি আমরা। প্রতিটি ক্ষেত্রে আমরা নতুন নতুন কর্মসূচি হাতে নিচ্ছি। যাতে করে জনগণের উন্নয়ন করা যায়। যাতে করে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করানো যায়। আমাদের এবারের বাজেট কোনো টাকার বাজেট না, আদর্শের বাজেট। প্রতিটি আদর্শকে দুর্নীতিমুক্তভাবে বাস্তবায়ন করা হবে।
মন্ত্রী বলেন, এ বছর ৫০ জন শিক্ষার্থী নিয়ে নরসিংদী মেডিকেল কলেজের কার্যক্রম শুরু করা হচ্ছে। নরসিংদী নার্সিং ইনস্টিটিউটে হবে শিক্ষার্থীদের ক্লাস। আর নরসিংদী নার্সিং ইনস্টিটিউটের ক্লাস হবে ২৫০ শয্যা জেলা হাসপাতালের নতুন ভবনে। মেডিকেল কলেজের জন‍্য জায়গা দেখা হচ্ছে, খুব শিগগিরই জায়গা নির্ধারণ করে সেখানে নতুন ভবনের কাজ শুরু করা হবে। চায়নার সহযোগিতায় যে অত্যাধুনিক ১৮টি হাসপাতাল বাংলাদেশে হবে, এর একটি হবে নরসিংদীতে। তবে চেষ্টা করব শহরের আশপাশে করতে।
নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রমুখ। এ সময় অন্যান্য অমন্ত্রিত অতিথিবৃন্দসহ নরসিংদী ডায়াবেটিক সমিতির সদস্যরা অংশ নেন।