• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
Headline

কানের স্বর্ণপাম জিতল ‘ফিয়র্ড’, দ্বিতীয়বার ইতিহাস গড়লেন ক্রিশ্চিয়ান মুঙ্গিউ

Reporter Name / ৫ Time View
Update : রবিবার, ২৪ মে, ২০২৬

প্রভাত বিনোদন: জমকালো আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র আসর কান চলচ্চিত্র উৎসব ২০২৬-এর ৭৯তম আয়োজন। এবারের আসরে সর্বোচ্চ সম্মান ‘পাম দ’র’ জিতে নিয়েছে রোমানিয়ান নির্মাতা ক্রিশ্চিয়ান মুঙ্গিউ পরিচালিত রাজনৈতিক পারিবারিক ড্রামা ‘ফিয়র্ড’। এর মধ্য দিয়ে দ্বিতীয়বারের মতো কানের স্বর্ণপাম জিতে ইতিহাসের বিশেষ তালিকায় নাম লেখালেন এই নির্মাতা।
পুরস্কার হাতে নিয়ে মুঙ্গিউ বলেন, “সিনেমা এখনো এমন একটি ভাষা, যা বিভক্ত মানুষদের একই জায়গায় দাঁড় করাতে পারে।” তিনি আরও বলেন, “আমরা এমন এক সময়ে বাস করছি, যখন মানুষ খুব সহজেই একে অন্যকে বিচার করছে। ‘ফিয়র্ড’ সেই বিচারবোধের ভেতরের ভয়, ধর্ম, পরিবার আর মানবিক সংকটের গল্প।”
নরওয়ের প্রেক্ষাপটে নির্মিত ‘ফিয়র্ড’-এ দেখা গেছে এক রোমানিয়ান ধর্মীয় পরিবারের জীবন, যাদের সন্তানদের রাষ্ট্রীয় হেফাজতে নেওয়ার পর শুরু হয় ভয়াবহ সংকট। সিনেমাটিতে অভিনয় করেছেন সেবাস্টিয়ান স্ট্যান ও রেনাতে রেইনসভে। উৎসবে ছবিটির প্রদর্শনের পর টানা ১০ মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানান দর্শকরা। আবেগে কেঁদেও ফেলেন ছবির অভিনয়শিল্পীরা।
এবারের আসরে দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ‘গ্রাঁ প্রি’ জিতেছে রুশ নির্মাতা আন্দ্রেই জভিয়াগিনৎসেভের ‘মিনোটর’। পুরস্কার গ্রহণের সময় ইউক্রেন যুদ্ধ নিয়ে সরাসরি বক্তব্য দেন তিনি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশে তিনি বলেন, “দুই পাশের লাখো মানুষ শুধু হত্যাযজ্ঞ থেমে যাওয়ার অপেক্ষায় আছে।” তার এ বক্তব্যে পুরো অডিটোরিয়াম করতালিতে ফেটে পড়ে।
জুরি পুরস্কার গেছে জার্মান নির্মাতা ভ্যালেস্কা গ্রিজেবাখ পরিচালিত ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’-এর ঝুলিতে। আর সেরা পরিচালকের পুরস্কার যৌথভাবে পেয়েছেন পোল্যান্ডের পাভেল পাভলিকোভস্কি (‘ফাদারল্যান্ড’) এবং স্প্যানিশ নির্মাতা জুটি হাভিয়ের কালভো ও হাভিয়ের আমব্রোসি (‘দ্য ব্ল্যাক বল’)।
অভিনয় বিভাগেও ছিল যৌথ চমক। সেরা অভিনেত্রীর পুরস্কার ভাগ করে নিয়েছেন ভার্জিনি এফিরা ও তাও ওকামোতো। অন্যদিকে প্রথম বিশ্বযুদ্ধভিত্তিক সিনেমা ‘কাওয়ার্ড’-এর জন্য যৌথভাবে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ভ্যালেন্তিন ক্যাম্পান ও ইমানুয়েল মাকিয়া।
এদিকে এবারের সম্মানসূচক ‘অনারারি পাম দ’র’ পেয়েছেন কিংবদন্তি শিল্পী বারব্রা স্ট্রেইস্যান্ড ও নির্মাতা পিটার জ্যাকসন। অসুস্থতার কারণে অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারলেও ভিডিও বার্তায় স্ট্রেইস্যান্ড বলেন, “বিশ্ব যত বিভক্তই হোক, সিনেমা এখনো আমাদের একত্রে হাসায়, কাঁদায় ও ভাবায়।”
গুরুত্বপূর্ণ বিজয়ীদের তালিকা :
পাম দ’র: ‘ফিয়র্ড’ — ক্রিশ্চিয়ান মুঙ্গিউ
গ্রাঁ প্রি: ‘মিনোটর’ — আন্দ্রেই জভিয়াগিনৎসেভ
জুরি প্রাইজ: ‘দ্য ড্রিমড অ্যাডভেঞ্চার’ — ভ্যালেস্কা গ্রিজেবাখ
সেরা পরিচালক: পাভেল পাভলিকোভস্কি (‘ফাদারল্যান্ড’), হাভিয়ের কালভো ও হাভিয়ের আমব্রোসি (‘দ্য ব্ল্যাক বল’)
সেরা অভিনেত্রী: ভার্জিনি এফিরা ও তাও ওকামোতো
সেরা অভিনেতা: ভ্যালেন্তিন ক্যাম্পান ও ইমানুয়েল মাকিয়া
সেরা চিত্রনাট্য: ‘এ ম্যান অব হিজ টাইম’ — ইমানুয়েল মারে
ক্যামেরা দ’র: ‘বেনইমানা’ — মেরি-ক্লেমেন্তিন দুসাবেজাম্বো
শর্ট ফিল্ম পাম দ’র: ‘পারা লস কন্ত্রিনকান্তেস’ — ফেদেরিকো লুইস


আপনার মতামত লিখুন :
More News Of This Category