প্রভাত বিনোদন: বিয়ের পর জীবন কতটা বদলেছে, তা নিয়ে মুখ খুলেছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও দাম্পত্য নিয়ে খোলামেলা কথা বলেছেন তিনি। অলিম্পিক পদকজয়ী ডেনিশ ব্যাডমিন্টন তারকা ম্যাথিয়াস বো-র সঙ্গে ঘর বাঁধলেও তাপসীর দাবি, তার জীবন আগের মতোই চলছে এবং বিয়ের বিষয়টি তিনি প্রায়ই ভুলে যান।
সাক্ষাৎকারে তাপসী পান্নু জানান, বিয়ের পর তার জীবনে বড় কোনো পরিবর্তন আসেনি বা একে তিনি আলাদা কোনো ‘বোঝা’ মনে করেন না। দীর্ঘ এক দশকের প্রেমের সম্পর্কের পর বিয়ে করায় নতুন কোনো পরিস্থিতির চাপ নিতে হয়নি তাকে।
তাপসী বলেন, আমি মাঝে মাঝে ভুলেই যাই যে আমি বিবাহিত। জীবনের চাকা ঠিক আগের গতিতেই চলছে। বিয়ের আগে আমার একটাই শর্ত ছিল, আমাদের রসায়ন যেন কোনোভাবেই বদলে না যায়। বাস্তবেও তাই হয়েছে।
২০১৩ সালে ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগের উদ্বোধনী অনুষ্ঠানে ম্যাথিয়াস বো-র সঙ্গে প্রথম দেখা হয় তাপসীর। এরপর দীর্ঘ ১১ বছর তারা প্রেমের সম্পর্ক গোপন রেখেছিলেন। ২০২৪ সালের মার্চ মাসে ভারতের উদয়পুরে অত্যন্ত ঘরোয়া পরিবেশে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি। বিয়ের খবরটি শুরুতে গোপন থাকলেও পরে সামাজিকমাধ্যমে তাদের ছবি ও ভিডিও ভাইরাল হয়।
ক্যারিয়ারের শুরু থেকেই ছক ভাঙা চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত তাপসী। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘আসসি’। অনুভব সিনহা পরিচালিত এই সিনেমাটি মুক্তির পর থেকেই সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে। ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও নিজের শর্তে কাজ করে যেতে চান এই অভিনেত্রী।