• মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

১১ জনকে বদল করেও কলম্বিয়ার বিপক্ষে ফ্রান্সের ৩-১ গোলে জয়

প্রভাত রিপোর্ট / ১৯ বার
আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬

প্রভাত স্পোর্টস: ব্রাজিলের বিপক্ষে তিন দিন আগে দারুণ এক জয় দিয়ে বিশ্বকাপ প্রস্তুতি শুরু করেছিল ফ্রান্স। সেদিন যাঁরা ম্যাচটি দেখেছেন, তাঁরা রবিবার রাতে ফ্রান্স দলকে দেখে একটু চমকে উঠতে পারেন। মাত্র তিন দিনের ব্যবধানে একাদশের ১১ জনের সবাইকে বদলে ফেলেছেন ফরাসি কোচ দিদিয়ের দেশম।
তবে সম্পূর্ণ নতুন দল নিয়ে মাঠে নামলেও পারফরম্যান্সে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি, বরং কলম্বিয়ার বিপক্ষে ফ্রান্স দেখাল তাদের বেঞ্চের দল আরও বেশি শক্তিশালী। এনএফএলের দল ওয়াশিংটন কমান্ডার্সের মাঠে ৪১ মিনিটের মধ্যে ২-০ গোলে এগিয়ে যাওয়া ফ্রান্স ম্যাচটি জিতেছে ৩-১ গোলে।
এই ম্যাচ দিয়ে ফ্রান্সের হয়ে নিজের গোলের খাতা খুলেছেন পিএসজি উইংগার দেজিরে দুয়ে। ২০ বছর বয়সী এই তরুণ প্রতিভা ম্যাচে জোড়া গোল করেছেন। অন্য গোলটি এসেছে মার্কাস থুরামের কাছ থেকে।
কলম্বিয়ার হয়ে একমাত্র গোলটি করেছেন জামিনটন ক্যাম্পাজ। এদিন কিলিয়ান এমবাপ্পে-হুগো একিতিকেরা যখন বদলি হিসেবে মাঠে নেমেছেন, ততক্ষণে ফ্রান্সের জয় অনেকটাই নিশ্চিত। এই জয়ে বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র সফরটা শতভাগ সাফল্য নিয়েই করল ফ্রান্স।
এই ম্যাচে জাতীয় দলের হয়ে নিজের প্রথম গোল পেয়ে দারুণ উচ্ছ্বসিত দুয়ে। ম্যাচ শেষে সংবাদমাধ্যম টিএফ১কে তিনি বলেন, ‘জয়টা মোটেই সহজ ছিল না। আমার জন্য এটা গর্বের মুহূর্ত, আমি খুবই খুশি।’
দলের খেলার ধরন নিয়ে দুয়ের ভাষ্য, ‘বিশ্বকাপের আগে আমরা দুটি ভালো প্রস্তুতি ম্যাচ খেলেছি। আজ জেতাটা গুরুত্বপূর্ণ ছিল, আমরা সেটাই করেছি। আমরা বেশ আগ্রাসী হয়ে খেলেছি, অনেক কিছুই ঠিকঠাকমতো হয়েছে। এভাবেই এগিয়ে যেতে হবে।’
আগামী মে মাসে বিশ্বকাপের দল ঘোষণার আগে এটিই ছিল ফ্রান্সের শেষ প্রস্তুতি ম্যাচ। তবে ব্রাজিল ও কলম্বিয়ার বিপক্ষে পারফরম্যান্সের পর দল বাছাই করতে মধুর সমস্যায়ই পড়তে পারেন দেশম। কাকে বাদ দিয়ে কাকে দলে জায়গা দেবেন, তা নিয়ে দ্বিধায় পড়তে হতে পারে বিশ্বকাপজয়ী এই কোচকে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও