প্রভাত রিপোর্ট: পদ্মা ক্লাব লিমিটেডের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস। তাঁর এই নির্বাচন ক্লাবের সকল সদস্যের সর্বসম্মত আস্থা ও ভালোবাসার প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এ উপলক্ষে সম্প্রতি রাজধানীর একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত এক আনন্দঘন সংবর্ধনা অনুষ্ঠানে ক্লাবের সকল সদস্য নবনির্বাচিত কমিটির সভাপতিসহ সকলকে ফুলের তোড়া প্রদান করে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত এই সংবর্ধনায় ক্লাবের বিশিষ্ট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা আশাবাদ ব্যক্ত করেন , মোহাম্মদ ইউনুসের দক্ষ ও যোগ্য নেতৃত্বে পদ্মা ক্লাব লিমিটেড আরও সমৃদ্ধ, গতিশীল ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠবে। তাঁর দীর্ঘ অভিজ্ঞতা ও প্রজ্ঞা ক্লাবের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও সদস্যরা আস্থা প্রকাশ করেন।
ক্লাবের সদস্যবৃন্দ নবগঠিত কমিটির উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেন এবং ক্লাবের সার্বিক উন্নয়নে তাঁদের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ ইউনুস সদস্যদের আস্থা ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ক্লাবের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় পদ্মা ক্লাবকে একটি আদর্শ সংগঠন হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। নবনির্বাচিত সভাপতি ও কমিটির সকল সদস্যকে পদ্মা ক্লাব পরিবারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা ।