প্রভাত সংবাদদাতা, রাজবাড়ী : রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে সাড়ে ২৫ কেজি ওজনের বিশাল এক কাতল মাছ। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোরে দৌলতদিয়া পদ্মা নদীতে বিশাল আকৃতির কাতল মাছটি ধরা পড়ে জাফরগঞ্জের জেলে সুব্রত হালদারের জালে। পরে মাছটি সকালে দৌলতদিয়া ৫নং ফেরি ঘাটে নিয়ে এলে স্থানীয় মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা ১৮০০ টাকা কেজি দরে মোট ৪৫ হাজার ৯০০ টাকা দিয়ে উন্মুক্ত নিলামে কিনে নেন। এ সময় কাতল মাছটি একনজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেন। পরে মাছটি ১৯০০ টাকা কেজি দরে মোট ৪৮ হাজার ৪৫০ টাকায় ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, বর্তমানে নদীতে মাঝেমধ্যেই জেলেদের জালে বিভিন্ন প্রকারের বড় মাছ ধরা পড়ছে। এসব মাছ বেশির ভাগ ফ্যাশন জালে ধরা পড়ে। এ ধরনের পদ্মার মিঠা পানির মাছ খেতে খুবই সুস্বাদু হয়। এ মাছগুলো সাধারণত বড় বড় ব্যবসায়ীরা কিনে থাকেন।