মো.রেজাউল করিম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১০নং জাবরহাট ইউনিয়নের হাটপাড়া লীলারঘাট এলাকায় টাঙ্গন নদীর ওপর বহুল প্রত্যাশিত সেতু নির্মাণকে কেন্দ্র করে পরিবেশগত প্রভাব নিরূপণ ও অর্থনৈতিক সমীক্ষা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। “পল্লী সড়কে সেতু নির্মাণ সমীক্ষা প্রকল্প” এর আওতায় বুধবার (১৫ এপ্রিল) বিকেলে লীলাপাড়ায় এ সভার আয়োজন করা হয়।
দুই উপজেলার জনগণের দীর্ঘদিনের দাবি পূরণের লক্ষ্যে স্থানীয় জালালউদ্দিন (কাজী)-এর উদ্যোগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ধারাবাহিক যোগাযোগের ফলে এ সমীক্ষা কার্যক্রম শুরু হয়েছে বলে জানা যায়। এ উপলক্ষে দ্বিতীয় পর্য়ায়ে সরেজমিন আসেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), আগারগাঁওয়ের ব্রিজ কনসালট্যান্ট আব্দুস সাত্তার সামি এবং মিজানুর রহমানসহ পীরগঞ্জ উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।
সভায় সভাপতিত্ব করেন আমিনুল ইসলাম, শিক্ষক ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), ১০নং জাবরহাট ইউনিয়ন শাখা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান-এর সহধর্মিণী শিরিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— জাহিদুর রহমান (ডলার), সভাপতি, বিএনপি জাবরহাট ইউনিয়ন শাখা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী; আব্দুস সবির সফির, শিক্ষা বিষয়ক সম্পাদক, বিএনপি পীরগঞ্জ উপজেলা শাখা ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী (জাবরহাট); শামির উদ্দীন, সভাপতি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ১০নং জাবরহাট ইউনিয়ন; হুমায়ূন কবির, সাবেক চেয়ারম্যান, জাবরহাট ইউনিয়ন; আকতারুজ্জামান (আকতার), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক, বিএনপি পীরগঞ্জ উপজেলা শাখা; একরামুল হক, সাবেক প্রেন্সিপাল, হাটপাড়া ফাজিল মাদ্রাসা, আব্দুল ওয়াহেদ, শিক্ষক, বড়বাড়ি বোলদিয়ারা দাখিল মাদ্রাসা; কুতুবুল ইসলাম, শিক্ষক, চন্ডিপুর; আব্দুল রহমান, শিক্ষক, মহেশপুর আদিবাসী উচ্চ বিদ্যালয়, বোচাগঞ্জ; জমিরুল ইসলাম ফটিক, প্রধান শিক্ষক, হাটপাড়া আইডিয়াল কেজি স্কুল; জুয়েল সরকার, পল্লী চিকিৎসক, করনাই বাজার; সোহেল রানা, কৃষক প্রতিনিধি; মিজানুর রহমান, ৬নং রনগাঁও ইউনিয়ন; ফাদার আলবার্ট সরেন, মহেশপুর মিশন প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, আনোয়ারুল ইসলাম, শিক্ষক, বড়বাড়ি বোলদিয়ারা মাদ্রাসা। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফেজ মোহাম্মদ রাজিবুল ইসলাম, মারকাযুল উলুম ইসলামিয়া সালাফিয়া মাদ্রাসা; গীতা পাঠ করেন শিশু শিক্ষার্থী জ্যোতিময় চন্দ্র রায়, আইডিয়াল কেজি স্কুল এবং বাইবেল পাঠ করেন ফাদার আলবার্ট সরেন, বোচাগঞ্জ।
সভায় বক্তারা বলেন, টাঙ্গন নদীর ওপর এ সেতুটি নির্মিত হলে পীরগঞ্জ ও দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার মধ্যে যোগাযোগ ব্যবস্থায় নতুন দিগন্ত উন্মোচিত হবে। এতে হাজারো মানুষের যাতায়াত সহজ হবে এবং বিশেষ করে কৃষকরা তাদের উৎপাদিত ফসল দ্রুত বাজারজাত করতে পারবেন। পাশাপাশি বোচাগঞ্জ বাজার, রনগাঁও মিশন হাসপাতালসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতের ক্ষেত্রে ব্যাপক সুবিধা সৃষ্টি হবে। এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এ সেতু নির্মাণ অত্যন্ত জরুরি উল্লেখ করে বক্তারা দ্রুত প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।
মতবিনিময় সভায় দুই উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানসহ সাধারণ মানুষ স্লোগান ও মতামতের মাধ্যমে সেতু নির্মাণের প্রতি তাদের জোরালো সমর্থন জানান।