প্রভাত ডেস্ক: ইরানের সঙ্গে শান্তি আলোচনা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান অসীম মুনির। সোমবার পাকিস্তানের একটি নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শান্তি আলোচনার বিষয়ে টেলিফোনে আলোচনা করেছেন পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির। এ সময় ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের জারি রাখা অবরোধ শান্তি আলোচনার জন্য বাধা সৃষ্টি করছে বলে মার্কিন প্রেসিডেন্টকে জানিয়ে দিয়েছেন তিনি।
ফোনালাপে ট্রাম্পকে অসীম মুনির বলেন, ইরানি বিভিন্ন বন্দরে মার্কিন অবরোধ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় শান্তি আলোচনা শুরুর ক্ষেত্রে বড় বাধা তৈরি করেছে। ওই সূত্র বলেছে, ‘‘ট্রাম্প মুনিরকে জানিয়েছেন, তিনি তার এই পরামর্শ বিবেচনা করবেন।’’ সূত্রটি বলেছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে পাকিস্তানে একটি প্রতিনিধি দল পাঠানোর অনুরোধ জানাতে যোগাযোগ করেছিলেন। তবে পেজেশকিয়ান জানিয়েছেন, অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত ইরান কোনও প্রতিনিধি দল পাঠাবে না।
ওমান সাগরে ইরানি একটি বাণিজ্যিক জাহাজের ওপর যুক্তরাষ্ট্রের সুস্পষ্ট আগ্রাসনের পর ইরানের সামরিক বাহিনী মার্কিন বাহিনীকে মোকাবিলায় প্রস্তুত বলে খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের একজন মুখপাত্র জানিয়েছেন। রবিবার ইরানের বন্দর আব্বাসের দিকে যাত্রা করা ইরানি পতাকাবাহী তুসকা নামের একটি কার্গো জাহাজে গুলি এবং পরে সেটি জব্দ করার দাবি জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, তুসকা জাহাজে ক্রু সদস্য এবং তাদের পরিবার উপস্থিত থাকায় সশস্ত্র বাহিনী তখন সংযত ছিল। তবে তারা নিরাপদ হওয়ার পর ইরানি সামরিক বাহিনী মার্কিন বাহিনীর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সূত্র: রয়টার্স।