প্রভাত ডেস্ক: যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার আর কোনো পরিকল্পনা ইরানের নেই বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২০ এপ্রিল) মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘেই এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, গত ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর হয়। কিন্তু প্রথম থেকেই এটি ভঙ্গ করেছে যুক্তরাষ্ট্র। যা মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানকে জানিয়েছেন তারা। বাঘেই আরও বলেছেন, যুক্তরাষ্ট্র সর্বপ্রথম নৌ-অবরোধ আরোপ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করে। এর আগেও আলোচনা চলার সময় যুক্তরাষ্ট্র হামলা করেছিল। যা তারা ভুলেননি। মার্কিনিদের সঙ্গে আর আলোচনা না হলেও তারা জাতীয় স্বার্থ রক্ষা করে যাবেন বলে উল্লেখ করেন বাঘেই।
তিনি সতর্কতা দিয়ে বলেন, যদি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র নতুন করে যুদ্ধ শুরু করতে চায়। তাহলে তাদের সশস্ত্র বাহিনী সেই অনুযায়ী জবাব দেবে।
বাঘেই জানিয়েছেন, গত ১১ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যখন প্রথম দফার আলোচনা হয় তখন ইরান তার ১০ দফা উত্থাপন করে।
তিনি আরও বলেন, যুদ্ধের আগে হরমুজ প্রণালি নিরাপদ ছিল।
লেবাননের কথা উল্লেখ করে এ ইরানি কূটনীতিক বলেন, যুদ্ধবিরতিতে লেবাননও যুক্ত থাকবে মার্কিনিদের সঙ্গে তাদের এমন চুক্তি হয়েছিল। কিন্তু তারা এটি অস্বীকার করে। এমনকি পাকিস্তান সরাসরি ঘোষণা দেওয়ার পরও। এদিকে ইরান আলোচনায় না বসার ইঙ্গিত দিলেও পাকিস্তান আলোচনার জন্য প্রস্তুতি নিচ্ছে। দেশটির রাজধানী ইসলামাবাদে কড়া নিরাপত্তা আরোপ করা হয়েছে। সূত্র: আল জাজিরা