কুলসুম আকতার পুতুল, শরণখোলা: বাগেরহাটের শরণখোলা উপজেলা এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে আবু হানিফ হাওলাদার (৬৫) নামে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে উপজেলার ২নং খোন্তাকাটা ইউনিয়নের মধ্য রাজৈর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। নিহত আবু হানিফ হাওলাদার ওই গ্রামের মৃত আমজেদ আলী হাওলাদারের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রতিবেশী রায়েন্দা বাজারের এক ব্যবসায়ী বাবুল হাওলাদারের সঙ্গে আবু হানিফের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে বিরোধপূর্ণ জমিকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। অভিযোগ রয়েছে, প্রতিপক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে অতর্কিত হামলা চালালে আবু হানিফ গুরুতর আহত হন।
হামলাকারীরা তাকে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
ঘটনার খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে। শরণখোলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “মরদেহ উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে।”
এদিকে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।