প্রভাত অর্থনীতি: নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (আইআরআইডিপিএনএফএল) অর্থায়নে আগামী ডিসেম্বরে ২,৫০০ কোটি টাকার সপ্তম বিনিয়োগ সুকুক ইস্যু করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। সোমবার (৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে ডেপুটি গভর্নর ও ডেট ম্যানেজমেন্ট বিভাগের অধীনে গঠিত শরিয়াহ উপদেষ্টা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ডেপুটি গভর্নর মো. কবির আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ৭ বছর মেয়াদি এই সুকুক ‘ইজারা’ পদ্ধতিতে ইস্যু করার বিষয়টি সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়।
এই তহবিলের মাধ্যমে তিন জেলার ২০টি উপজেলায় রাস্তা নির্মাণ ও প্রশস্তকরণ, ঢাল রক্ষা এবং হাট-বাজার ও পর্যটন অবকাঠামোর উন্নয়ন করা হবে।
প্রকল্পটির মূল লক্ষ্য হলো স্থানীয় অর্থনীতির প্রসার, কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ জীবনযাত্রার মান উন্নয়ন এবং পরিবহন ব্যয় ও ভ্রমণের সময় হ্রাস করা। এ কারণে সুকুকটির নামকরণ করা হয়েছে ‘আইআরআইডিপিএনএফএল আর্থ-সামাজিক উন্নয়ন সুকুক’।
এটি বাংলাদেশ ব্যাংক কর্তৃক ইস্যুকৃত সপ্তম সরকারি সুকুক। এর আগে স্পেশাল পারপাস ভেহিক্যালের (এসপিভি) মাধ্যমে মোট ২৪ হাজার কোটি টাকার ছয়টি সুকুক ইস্যু করা হয়েছিল।