• শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বাইক শো-তে সিএফএমওটিও নিয়ে এলো ‘জিহো’ এবং নতুন মোটরসাইকেল লাইনআপ রাজশাহী ব্যাংকার্স ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের হ্যাট্রিক চ্যাম্পিয়ন এনআরবিসি ব্যাংক চট্টগ্রাম নগরে এক দিনে তিন স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল বিএনপির বহিষ্কৃত নেতা ইসহাক সরকার যোগ দিলেন এনসিপিতে শরণখোলায় জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, এলাকায় উত্তেজনা ফিলিং স্টেশনগুলোতে তেলের জন্য লম্বা লাইন ছোট হয়ে আসছে শূন্যে নামবে সেশনজট, অনেক কলেজে বন্ধ হতে পারে স্নাতক-স্নাতকোত্তর কোর্স তীব্র গরমে পুড়ছে দেশ, অস্বস্তি আরও বাড়তে পারে বিচার বিভাগের দুর্নীতির সব শিকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী বাংলাদেশ এখন হামের উচ্চ ঝুঁকিতে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

পেঁয়াজের দাম বাড়তি, কমেছে মোটা চাল ও ডিমের দাম

প্রভাত রিপোর্ট / ২০৭ বার
আপডেট : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

প্রভাত অর্থনীতি: রাজধানী ঢাকার বিভিন্ন খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়ে হয়েছে ১০০ থেকে ১২০ টাকা। এ দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ। বাজারে পেঁয়াজের পাশাপাশি কেজিতে ৩ থেকে ৫ টাকা বেড়েছে আলুর দাম। প্রতি কেজি আলু এখন ২৫ টাকায় বিক্রি হচ্ছে।
রাজধানীর বিভিন্ন বাজারের পাইকারি ও খুচরা বিক্রেতারা জানান, বর্তমানে দেশি পেঁয়াজের মজুত শেষের দিকে। ফলে বাজারে পেঁয়াজের সরবরাহ কিছুটা কমেছে। অন্যদিকে ভারতসহ অন্যান্য দেশ থেকে আমদানি করা পেঁয়াজেরও সরবরাহ নেই। এ কারণে পেঁয়াজের দাম বাড়তি। সরবরাহ-ঘাটতির কারণে প্রতিবছর এ সময় পেঁয়াজের দাম বেড়ে যায়।
খুচরা বিক্রেতারা জানান, আগামী ডিসেম্বরে বাজারে আগাম পেঁয়াজ আসা শুরু হতে পারে। তখন দাম কমবে। এর আগপর্যন্ত, বিশেষ করে নভেম্বর মাসে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী থাকতে পারে।
বর্তমানে খুচরা বাজারে ছোট আকারের মানিকগঞ্জ ও ফরিদপুর অঞ্চলের প্রতি কেজি পেঁয়াজ ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। আর পাবনা জেলার ভালো মানের পেঁয়াজ ১২০ টাকা কেজি বিক্রি হচ্ছে। দুই সপ্তাহ আগে মানিকগঞ্জ ও ফরিদপুরের পেঁয়াজ ৭০ থেকে ৮০ টাকা এবং পাবনার পেঁয়াজ ৯০ টাকা কেজি বিক্রি হয়েছিল।
গতকাল রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার, আগারগাঁও তালতলা বাজার ও কারওয়ান বাজার ঘুরে এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
ব্যবসায়ীরা জানান, চলতি বছর খুব বেশি পেঁয়াজ আমদানি হয়নি। ফলে দেশি পেঁয়াজের ওপরই নির্ভরশীল ছিল বাজার। গত অক্টোবর মাস পর্যন্ত বাজারে দেশি পেঁয়াজের ভালো সরবরাহও ছিল। কিন্তু নভেম্বরের শুরু থেকে সরবরাহে টান লাগে। ফলে পেঁয়াজের দাম দ্রুত বেড়ে যায়।
সাধারণত ডিসেম্বর মাসে বাজারে নতুন মৌসুমের আগাম পেঁয়াজ তথা মুড়িকাটা পেঁয়াজ আসতে শুরু করে। এর আগে সরবরাহ কমে যাওয়ায় অক্টোবর-নভেম্বর মাসে বাজারে পেঁয়াজের দাম চড়া থাকে। গত বছরও এ সময় পেঁয়াজের দাম চড়া ছিল। সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুসারে, গত বছর নভেম্বরের মাঝামাঝি সময়ে বাজারে এক কেজি পেঁয়াজ ১৩০ থেকে ১৫০ টাকায় বিক্রি হয়েছিল।
খুচরা বিক্রেতারা জানান, আগামী ডিসেম্বরে বাজারে আগাম পেঁয়াজ আসা শুরু হতে পারে। তখন দাম কমবে। এর আগপর্যন্ত, বিশেষ করে নভেম্বর মাসে পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী থাকতে পারে।
রাজধানীর শ্যামবাজারের পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী ও আমদানিকারক আবদুল মাজেদ বলেন, ‘বর্তমানে পেঁয়াজ আমদানির অনুমতি নেই। আবার দেশীয় পেঁয়াজেরও সরবরাহে ঘাটতি আছে। এ অবস্থায় বাজার স্থিতিশীল রাখতে দ্রুত পেঁয়াজ আমদানির উদ্যোগ নিতে হবে। আমরা সরকারের কাছে পেঁয়াজ আমদানির অনুমতি চেয়েছি; কিন্তু এখনো পাইনি।’
বাজারে ফার্মের মুরগির ডিম ও মোটা চালের দাম কিছুটা কমেছে। গতকাল বাজারে এক ডজন ডিম বিক্রি হয়েছে ১২০ থেকে ১৩০ টাকায়। সপ্তাহখানেক আগে প্রতি ডজন ডিমের দাম ছিল ১৩০-১৪০ টাকা। এ ছাড়া প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৭০ থেকে ১৮০ টাকা ও সোনালি মুরগি ২৭০ থেকে ৩০০ টাকায় বিক্রি হয়েছে।
বিক্রেতারা বলছেন, ভারত থেকে স্বর্ণা (মোটা) ও পাইজাম চাল আমদানি হওয়ায় বাজারে এসব চালের দাম কিছুটা কমেছে। যেমন আমদানি করা প্রতি কেজি স্বর্ণা চাল এখন ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সপ্তাহখানেক আগে স্বর্ণা (দেশি) চালের কেজি ছিল ৫৫ টাকা। আবার পাইজাম চালের দাম কেজিতে ৫ টাকা কমে ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। তবে মিনিকেট চালের দাম আগের মতোই রয়েছে।
এদিকে বাজারে শীতকালীন বিভিন্ন ধরনের সবজির সরবরাহ বেড়েছে। ফলে সার্বিকভাবে সবজির দাম এখন কমতির দিকে। মৌসুমি সবজির মধ্যে বর্তমানে প্রতিটি ফুলকপি ও বাঁধাকপি ৪০-৬০ টাকা, লাউ ৬০-৮০ টাকা এবং প্রতি কেজি টমেটো ১২০–১৪০ টাকা, মুলা ৫০ টাকা, বেগুন ৮০-১২০ টাকা ও করলা ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে।
বাজার ঘুরে দেখা যায়, রাজধানীতে পাল্টাপাল্টি রাজনৈতিক কর্মসূচির কারণে গতকাল ক্রেতাদের উপস্থিতি ছিল কম। গতকাল সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মোহাম্মদপুর কৃষি মার্কেট ও টাউন হল বাজারে খুব বেশি ক্রেতার দেখা পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও