প্রভাত সংবাদদাতা, কুয়াকাটা: পটুয়াখালীর কুয়াকাটায় পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে হিন্দু সম্প্রদায়ের দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী রাস উৎসবের মূল আনুষ্ঠানিকতা। তবে টানা চার দিনের বৃষ্টিতে এবার উৎসবে দর্শনার্থী ও পুণ্যার্থীর উপস্থিতি ছিল তুলনামূলক কম। এতে প্রত্যাশিত বেচাকেনা না হওয়ায় হতাশ হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টায় কুয়াকাটার শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে আনুষ্ঠানিকভাবে রাসপূজার উদ্বোধন করেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে পটুয়াখালীর পুলিশ সুপার আবু ইউসুফ, জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এরপর রাতভর চলে ধর্মীয় নৃত্য, শ্রীমদ্ভাগবত পাঠ, রাসলীলা কীর্তন ও পূজার্চনা। মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৫টায় রাস পূর্ণিমার পুণ্যতিথিতে কুয়াকাটা সমুদ্রসৈকতে গঙ্গাস্নানে অংশ নেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পুণ্যার্থীরা।
স্নানের আগে মোমবাতি, আগরবাতি, বেলপাতা, ফুল, দূর্বা, হরতকি, ডাব, কলা, তেল ও সিঁদুরসহ বিভিন্ন উপকরণ সাগরের জলে অর্পণ করেন হিন্দু ধর্মাবলম্বী নারীরা। অনেকে পূর্বপুরুষদের স্মরণে ও মানত পূরণের আশায় মাথা ন্যাড়া করে পিণ্ডদান করেন। এ সময় উলুধ্বনি ও মন্ত্রপাঠে মুখর হয়ে ওঠে পুরো সৈকত। পুণ্যস্নান শেষে শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দিরে ১৭ জোড়া যুগল প্রতিমা দর্শন করেন ভক্তরা।
কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ ও তীর্থযাত্রী সেবাশ্রমের আহ্বায়ক নীহার রঞ্জন মণ্ডল বলেন, প্রতিবছর কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে এ রাস উৎসব অনুষ্ঠিত হয়। পাপমোচন, পুণ্যলাভ, আত্মিক শুদ্ধি, পূর্বপুরুষদের মঙ্গল কামনা এবং ধর্মীয় ঐতিহ্য ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যেই এ আয়োজন। হাজারো পুণ্যার্থীর আগমনে সৈকত মুখর হয়ে উঠেছিল।
সাতক্ষীরা থেকে আগত পুরোহিত মহাদেব চক্রবর্তী বলেন, রাস পূর্ণিমার বিশেষ তিথিতে গঙ্গাস্নান পাপমোচন ও পুণ্যলাভের পবিত্র মাধ্যম বলে সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন। স্নান ও পূজা-অর্চনার মধ্য দিয়ে ভক্তরা নিজের ও পরিবারের সুখ, শান্তি, সমৃদ্ধি এবং মঙ্গল কামনা করেন।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দ্বাপর যুগে মানবতা রক্ষায় কংস রাজাকে বধের পর পূর্ণিমা তিথিতে রাধা-কৃষ্ণের পরম প্রেমের লীলা থেকেই রাস উৎসবের প্রচলন। সেই বিশ্বাস ও ধর্মীয় ঐতিহ্য ধারণ করে প্রায় আড়াইশ বছর ধরে কুয়াকাটায় কার্তিকের পূর্ণিমা তিথিতে এ উৎসব উদ্যাপিত হয়ে আসছে।
প্রতিবছর রাস উৎসবকে কেন্দ্র করে কুয়াকাটায় দেশ-বিদেশের পর্যটক ও পুণ্যার্থীদের সমাগম ঘটে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও বাড়তি কর্মচাঞ্চল্য তৈরি হয়। তবে এবার রাজনৈতিক সহিংসতার প্রভাব ও টানা চার দিনের বৃষ্টিতে পর্যটক ও দর্শনার্থীর উপস্থিতি ছিল তুলনামূলক কম। প্রত্যাশিত বিক্রি না হওয়ায় হতাশ হয়েছেন ব্যবসায়ীরা।
সৈকতের খান মার্কেটের ব্যবসায়ী এমাদুল ইসলাম বলেন, আমরা একেবারেই হতাশ। প্রত্যাশার তুলনায় ১০ ভাগের এক ভাগ মানুষও আসেনি। যে পরিমাণ মালামাল তুলেছি, তার কিছুই বিক্রি করতে পারিনি।
নিরাপত্তার বিষয়ে মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হাওলাদার বলেন, আগত পুণ্যার্থী ও পর্যটকদের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণভাবে রাসমেলা অনুষ্ঠিত হয়েছে। এ সময় থানা পুলিশ, নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকতে দেখা যায়।