প্রভাত রিপোর্ট: দেশের কৃষি ও অর্থনীতিকে শক্তিশালী করতে প্রকৃত কৃষকদের রাষ্ট্রীয় সহায়তার আওতায় আনার ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন। তিনি স্পষ্ট জানিয়েছেন, কৃষকদের উৎপাদন সক্ষমতা বাড়ানো না গেলে দেশের অর্থনীতি টেকসই করা সম্ভব নয়। তাই মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে ‘কৃষি কার্ডের’ মাধ্যমে সরাসরি কৃষকদের হাতে সার, বীজ ও সেচ প্রণোদনা পৌঁছে দেয়া হবে। রবিবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বরিশালের গৌরনদীতে ‘কাপলাতলী খাল পুনঃখনন’ প্রকল্পের উদ্বোধনকালে মন্ত্রী এসব কথা বলেন।
তথ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রী বলেন, ‘‘বাংলাদেশের প্রাণ হচ্ছে কৃষি। কৃষক যদি তার উৎপাদিত ফসলের সঠিক মূল্য এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পায়, তবেই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে।
উন্নতমানের বীজের প্রয়োজনীয়তা উল্লেখ করে মন্ত্রী বলেন, অনেক সময় নিম্নমানের বীজের কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হন। যদি পরিকল্পিতভাবে উন্নত জাতের বীজ সরবরাহ করা যায়, তবে একই জমিতে আগের চেয়ে অনেক বেশি ফসল ফলানো সম্ভব। এতে কৃষকের আয় যেমন বাড়বে, তেমনই বিদেশ থেকে খাদ্য আমদানির ওপর নির্ভরতাও অনেকাংশে কমে আসবে। তিনি আরও বলেন, আমাদের দেশের অনেক কৃষক এখনও মান্ধাতা আমলের পদ্ধতিতে চাষাবাদ করছেন। কৃষকদের কাছে আধুনিক কৃষিযন্ত্র সহজলভ্য করতে হবে। প্রযুক্তির ব্যবহার বাড়লে শ্রম ও সময় দুটোই সাশ্রয় হবে এবং কৃষি কাজ আরও লাভজনক হয়ে উঠবে। চাষাবাদে আধুনিক প্রযুক্তির ছোঁয়া লাগাতে হবে।
পরিশেষে মন্ত্রী জানান, কৃষিভিত্তিক অর্থনীতিকে মজবুত করা বর্তমান সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। কেবল ফসল উৎপাদন করলেই হবে না, বরং সঠিক সেচ ব্যবস্থাপনা এবং ফসল সংরক্ষণের আধুনিক জ্ঞান কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে হবে। এ লক্ষ্যে মাঠ পর্যায়ে কৃষি প্রশিক্ষণ ও পরামর্শ কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন তিনি।