প্রভাত রিপোর্ট: তৃতীয় দিনের মতো সচিবালয়ে নিজ কার্যালয়ে অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (২২ ফেব্রুয়ারি) সকালে নির্ধারিত সময়ের আগেই ৯টা ৫ মিনিটে তিনি সচিবালয়ে পৌঁছান। এ সময় মন্ত্রিসভার সদস্য ও অন্য কর্মকর্তাদের সময়ানুবর্তিতার বিষয়ে খোঁজ-খবর নেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন সাংবাদিকদের জানান, প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ে সবাইকে অফিসে উপস্থিত থাকার তাগিদ দিয়েছেন। তিনি আরও বলেন, এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকেই অভিভূত হয়েছেন।
মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টারা কারা কারা অফিসে এসেছেন তার খোঁজ-খবর নিয়েছেন। সবাইকে নির্দিষ্ট সময়ে দফতরে আসতে সবাইকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
গত ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। ১৮ ফেব্রুয়ারি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা ও শেরে বাংলা নগরে বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করে সচিবালয়ে প্রথম অফিস করেন। ১৯ ফেব্রুয়ারিও সেখানে দাফতরিক কাজ করেন তিনি। মাঝে শুক্রবার সরকারি ছুটি কাটান। সর্বশেষ শনিবার (২১ ফেব্রুয়ারি) ছুটির দিনও তেজগাঁও কার্যালয়ে অফিস করেন তিনি।
মূলত প্রশাসনিক কাজে গতিশীলতা ফিরিয়ে আনতে ছুটির দিন শনিবারও প্রধানমন্ত্রী দাফতরিক কাজ করার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
পবিত্র রমজান মাসে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত সরকারি অফিসের সময়সূচি নির্ধারণ করা করা হয়েছে। আর সেই সময়সূচি অনুযায়ী সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার সকাল ৯টা ৫ মিনিটে তিনি অফিসে আসেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি সংবাদমাধ্যমকে জানান, গুলশানের বাসা থেকে প্রধানমন্ত্রী রওনা হয়ে সকাল ৯টা ৫মিনিটে সচিবালয়ে পৌঁছান। অফিসে এতো সকালে প্রধানমন্ত্রীকে অফিসে দেখে অনেকে অভিভূত হয়েছেন।
অতিরিক্ত প্রেস সচিব রুমন আরও জানান, একজন সাংবাদিক সকাল ৯টা ২০ মিনিটে তার ফেইসবুকে স্ট্যাটাস লেখেন ‘প্রধানমন্ত্রীর অফিসে আসার ছবি তোলার জন্য অপেক্ষা করছি’। কিন্তু প্রধানমন্ত্রী যে ১৫ মিনিট আগেই সচিবালয়ে প্রবেশ করেছেন, সেটা ওই সাংবাদিক জানেন না।
প্রেস সচিব রুমন জানিয়েছেন, অফিসে এসে মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপদেষ্টারা কারা কারা অফিসে এসেছেন তার খোঁজ-খবর নিয়েছেন প্রধানমন্ত্রী। সেইসঙ্গে মৌখিক নির্দেশনা দিয়েছেন যাতে নির্দিষ্ট সময়ে সকলে অফিসে উপস্থিত হন।