প্রভাত রিপোর্ট: তুরস্কভিত্তিক স্বাস্থ্যসেবা সহায়তাকারী ‘তার্কিশডক’ নামে প্রতিষ্ঠানের সাবেক এক কর্মীর হাত ধরে কিডনি প্রতিস্থাপনের জন্য দেশটিতে গিয়ে কোটি কোটি টাকা প্রতারণার শিকার হয়েছেন বাংলাদেশি শতাধিক নাগরিক। নিরব নজরুল লিখন নামে এক ভুক্তভোগী অভিযোগ করেন, তার মায়ের কিডনি প্রতিস্থাপনের জন্য চক্রের মাধ্যমে তুরস্কে গিয়ে প্রতারণার শিকার হন মর্মে রাজধানীর শ্যামপুর থানায় একটি মামলা করেন লিখন। মূলত লিখনের অভিযোগ তদন্ত করতে গিয়েই যেন কেঁচো খুঁড়তে সাপ বের হওয়ার মতো চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে। মামলার আসামি নুরুজ্জামান রাজুসহ চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৪।
র্যাব বলছে, ২০২৩ সালে ঢাকার গুলশানে অফিস নিয়ে ‘তার্কিশডক’ নামে প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম শুরু করে। সেখানকার বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন নুরুজ্জামান রাজু। কিন্তু প্রতিষ্ঠানটি ২০২৪ সালে তাদের কার্যক্রম বন্ধ করে দিলে রাজু একইস্থানে অফিস খুলে কার্যক্রম চালাতে থাকেন। আসল প্রতিষ্ঠানের হুবহু নকল ‘তার্কিশডকবিডি’ নামে ওয়েবসাইট খুলে শুরু করেন প্রতারণা। সেই থেকে রাজু চক্র বিপুল সংখ্যক রোগীকে কিডনি প্রতিস্থাপনের জন্য তুরস্কে পাঠিয়ে জিম্মি করে অর্থ হাতিয়ে আসছিল। সবশেষ গত ফেব্রুয়ারি মাসে নিরব নজরুল লিখন নামে ভুক্তভোগী তার মায়ের কিডনি প্রতিস্থাপনের জন্য রাজুর সঙ্গে ২৩ হাজার ডলারে চুক্তিবদ্ধ হন। সে অনুযায়ী মাকে নিয়ে তুরস্কে যাওয়ার পর ধাপে ধাপে তাদের কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা হাতিয়ে নিলেও কিডনি প্রতিস্থাপন না করেই দেশে পাঠিয়ে দেয়। মোটা অঙ্কের টাকা খুইয়েও মায়ের চিকিৎসা না পেয়ে ঢাকার শ্যামপুর থানায় একটি মামলা করেন লিখন। ওই মামলার তদন্তে নেমেই নুরুজ্জামান রাজুসহ ৫ জনকে গ্রেপ্তারে সমর্থ হয় র্যাব-। গ্রেপ্তাররা হলেন-দিনাজপুরের নুরুজ্জামান রাজু (৩৬), মোহাম্মদ তরিকুল (৩০), সালমান ফারসি (৩৫), বরগুনার মাসুম বিল্লাহ (৪৩) এবং টাঙ্গাইলের ওয়ালিদ মিয়া (২৬)।
বৃহস্পতিবার(১২ মার্চ) মিরপুরে র্যাব-৪ ব্যাটালিয়ন সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে কোম্পানি কমান্ডার কে এন রায় নিয়তি বলেন, চক্রটি বিশ্বস্ততা অর্জনের জন্য তুরস্কের প্রতিষ্ঠান ‘তার্কিশডকের’ ওয়েবসাইট অবিকল নকল করে ‘তার্কিশডক বিডি’ নামে ওয়েবসাইট খুলে। তারা কিডনি প্রতিস্থাপন, আইভিএফসহ বিভিন্ন রোগীদের তুরস্কে পাঠিয়ে সেখানে জিম্মি করে মোটা অংকের অর্থ আদায় করে আসছিল। চক্রের ফাঁদে তুরস্কে গিয়ে প্রতারণার শিকার হয়ে কয়েকজন দেশটির জেলে থাকার তথ্য পাওয়ার দাবিও করেছেন র্যাবের এই কর্মকর্তা। তিনি বলেন, “এই প্রতিষ্ঠানে টাকা দিয়ে প্রতারিত হয়েছে এরকম আরও কিছু অভিযোগ আমরা পেয়েছি। পরবর্তী তদন্তে বিষয়গুলো সামনে আসবে।”
এক প্রশ্নের জবাবে র্যাবের এ কর্মকর্তা বলেন, ‘এরআগে গ্রেপ্তার রাজু আরেকটি মাল্টিন্যাশনাল কোম্পানির মেডিকেল প্রতিনিধি হিসেবে কাজ করেছে। সেই সুবাদে বিভিন্ন ধরনের রোগীর সঙ্গে তার একটা যোগাযোগ ছিল। এই সুযোগটা কাজে লাগিয়ে জটিল রোগে আক্রান্তদের দেশের বাইরে পাঠিয়ে চিকিৎসা করানোর নামে প্রতারণা করে আসছিল।
অতিরিক্ত পুলিশ সুপার নিয়তি বলেন, “প্রতারণা শুরুর পর গত তিন বছরে ভুয়া প্রতিষ্ঠান খুলে তিনি শতাধিক রোগীকে দেশটিতে পাঠিয়েছে। আমাদের সঙ্গে এখন পর্যন্ত প্রায় ১৫ জন যোগাযোগ করেছে। প্রতারণার অর্থ দিয়ে রাজু ঢাকা শহরে গাড়িবাড়ি করে ফেলছে।”
রাজু চক্রে প্রতারণার শিকার ভুক্তভোগী নিরব নজরুল লিখন বলেন, “মায়ের কিডনি প্রতিস্থাপনের জন্য ২৩ হাজার ডলারে চুক্তি করেছিলাম। চুক্তি অনুযায়ী প্রাথমিক একটা মোটা অঙ্কের টাকা দিয়েছিলাম। এরপর তুরস্কে যাওয়ার পর শুরু নানা ধরনের তালবাহানা।”
লিখন বলেন, কিডনি রোগীর প্রতিটা সময় মূল্যবান ও গুরুত্বপূর্ণ। মায়ের ডায়ালাইসিস যেখানে অনিবার্য সেখানে সেটি পাচ্ছিলাম না, টালবাহানা করে আরও টাকা দাবি করছিল।”লিখন অভিযোগ করে বলেন, সেখানে প্রায় ৪০ হাজার ডলারের একটি কাগজে সই নেওয়া হয়, কয়েকধাপে প্রায় ৪৬ হাজার ডলার তার কাছ থেকে নেওয়া হয় বলে অভিযোগ তার। পরে দেশে ফিরে টাকা ফেরত চাইলে মূলহোতা রাজু পাল্টা নানা ধরনের হুমকি দিতে থাকে। পরে বাধ্য হয়ে থানায় মামলা করি।
হাসান মাহমুদ নামে আরেক ভুক্তভোগী তার ভাইয়ের কিডনি প্রতিস্থাপনের জন্য তুরস্কে নিয়ে গিয়েছিলেন। যার সঙ্গেও ২৩ হাজার ডলারে চুক্তি করে আদায় করা হয়েছিল ৮০ হাজার ডলার। পরে আরও ১০ হাজার ডলার চেয়ে নানা ধরনের হুমকির সম্মুখিন হন তিনি। তুরস্কভিত্তিক স্বাস্থ্যসেবা সহায়তাকারী ‘তার্কিশডক’ প্রতিষ্ঠানের নামে কিডনি প্রতিস্থাপনের জন্য চুক্তি বা তুরস্ক গমন করার আগে যাচাই-বাছাই করার পরামর্শ দিয়েছে র্যাব-৪। আসল প্রতিষ্ঠানের হুবহু নকল ‘তার্কিশডকবিডি’ নামে ভুয়া প্রতিষ্ঠানের মাধ্যমে অজ্ঞাত প্রতারিতদের থানায় ও র্যাবে অভিযোগ করার অনুরোধ জানানো হয়েছে।