প্রভাত ডেস্ক: এবারের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনেকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির প্রার্থীদের মধ্যে বিভিন্ন সময়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি সৌজন্যমূলক বা ব্যতিক্রমী দৃশ্যও চোখে পড়েছে।
রাজনৈতিক উত্তেজনার মধ্যে ব্যতিক্রমী ছবি ধরা পড়েছে। উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে হিন্দু সম্প্রদায়ের এক মন্দিরে মহাযজ্ঞ অনুষ্ঠানে একসঙ্গে অংশগ্রহণ করতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুরজিৎ মিত্র এবং বিজেপির প্রার্থী সৌর্য্য ব্যানার্জীকে।
এমন পরিস্থিতিতে দুই চরম প্রতিদ্বন্দ্বীকে হিন্দু সম্প্রদায়ের পূজা অনুষ্ঠানে দেখে সাধারণ মানুষের মধ্যে কৌতূহল সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় বাসিন্দাদের মতে, এই দৃশ্য সৌহার্দ্য এবং শান্তির প্রতীক হিসাবে ধরা দিয়েছে।
এ বিষয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুরজিৎ মিত্র জানিয়েছেন, ধর্ম কারো ব্যক্তিগত হয় না। ওখানে যে হোমযজ্ঞ হচ্ছে, টাকির মানুষ মধুসূদন মন্দিরে যারা কমিটির সদস্য তারা আমার নামে হোম যজ্ঞ করছে। সেখানে হঠাৎ বিজেপির প্রার্থী চলে আসেন। সেই হোমযজ্ঞে তিনি আহুতি দিতে চাইছেন সেটা তিনি দিতেই পারেন।
তিনি আরও বলেন, সেটা অন্যভাবে নেওয়ার না। ধর্ম প্রত্যেকের, তিনিও যখন ধর্মীয় অনুষ্ঠানে গিয়েছেন সেটা নিয়ে এত চর্চা করারও কিছু নেই এবং বলারও কিছু নেই।
তৃণমূল কংগ্রেসের প্রার্থীর এই মন্তব্যের পরেই বিজেপির প্রার্থী সৌর্য্য ব্যানার্জী বলেন, আমি প্রচারে বেড়িয়ে ছিলাম মধুসূদন মন্দিরে দেখি হোমযজ্ঞ চলছে। আমি সেখানে গিয়ে বসি তার কিছুক্ষণ পরেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী সেখানে উপস্থিত হয়। তারপরেই তিনি পাশে গিয়ে বসলেন সেখানে হোম যজ্ঞ চলছিল। কিন্তু আলাদা কোন কথাবার্তা আমাদের সঙ্গে হয়নি। রাজনীতিতে সৌজন্যবোধ প্রয়োজন। বাংলার সংস্কৃতি বাংলার সৌহার্দ্য বজায় থাক। রাজনীতির জায়গায় রাজনীতি কিন্তু সৌজন্যতা সবার মধ্যে থাকা উচিত।