প্রভাত রিপোর্ট: রাজধানীর শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর হামলার অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দুঃখপ্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। একই সঙ্গে আহতদের মব সৃষ্টি হতে পারে এমন পরিস্থিতি তৈরি না করার অনুরোধ জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাতে শাহবাগে সাংবাদিকদের উদ্দেশ্যে এক বক্তব্যে এ কথা বলেন রাকিব।
এ সময় রাকিব বলেন, শাহবাগ থানার অভ্যন্তরে ও বাইরে যে অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটেছে, আমি তার জন্য ব্যক্তিগতভাবে দুঃখপ্রকাশ করছি। তারা নাকি ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলেছে সবাই শাহবাগে ছুটে আসুন। একটি অনাকাঙ্ক্ষিত এবং সীমালঙ্ঘনের চরম মাত্রায় একটা ফটোকার্ড প্রচার করা হলো, স্বাভাবিকভাবে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীদের মাঝে হৃদয়ে রক্তক্ষরণ হবে এটি কি স্বাভাবিক নয়?
ছাত্রদল সভাপতি বলেন, শাহবাগ থানায় যাকে অভিযুক্ত করা হয়েছে, সে ভেতরে ছিল, স্বাভাবিকভাবে তারা অবস্থান নিয়েছে, তারা সেখানে স্লোগান দিয়েছে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় আজ যারা আহত হয়েছে তারা সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দিয়ে সেখানে গিয়েছে এবং ওই আগের মতই একটা মব ক্রিয়েট করার জন্য তারা চেষ্টা চালিয়েছে। আমি তাদের প্রতিও অনুরোধ জানাচ্ছি দয়া করে এ ধরনের মব ক্রিয়েট করার পরিস্থিতিগুলো থাকে আপনারা এড়িয়ে চলুন। সাংবাদিক ভাইয়ে যারা সামান্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির শিকার হয়েছেন তাদের বিষয়েও আমরা পরবর্তী পদক্ষেপ নেব। তিনি বলেন, তারা ক্যাম্পাসভিত্তিক কোনো কমিটি প্রকাশ করেনি। একারণে যে, তাদের নেতাকর্মীদের দ্বারা অব্যাহতভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচারণা এবং বিভিন্ন সময়ে মব তৈরি করার পাঁয়তারা সেগুলো তারা অত্যন্ত পরিকল্পিতভাবে করে যাচ্ছে। আমরা নিন্দা জানাচ্ছি, আমরা দুঃখপ্রকাশ করছি, দয়া করে আপনারা এই রাজনীতি থেকে বের হয়ে আসুন। ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় আপনারা যে ভাষায় আজ এ ধরনের পরিস্থিতি ক্রিয়েট করছেন এগুলো কখনো কাম্য নয়।