প্রভাত স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগে রেলিগেশন থেকে ঘুরে দাঁড়ানোর লড়াই করছে টটেনহাম হটস্পার। এরই মধ্যে চোটের ধাক্কা লাগল দলে। মৌসুমের বাকি সময়ে আর খেলা হবে না জাভি সিমন্সের। এই অ্যাটাকিং মিডফিল্ডারের বিশ্বকাপে খেলার স্বপ্নেও বড় ধাক্কা লেগেছে। জুনের মেগা ইভেন্ট থেকে ছিটকে গেছেন তিনি।
হাঁটুতে চোট পেয়েছেন সিমন্স। এই কারণে ক্লাব ফুটবল মৌসুমের পাশাপাশি বিশ্বকাপও শেষ হয়ে গেছে তার। গত শনিবার উলভসের বিপক্ষে টটেনহামের ১-০ গোলের জয়ের ম্যাচে দ্বিতীয়ার্ধে স্ট্রেচারে করে মাঠের বাইরে নেওয়া হয় তাকে। প্রতিপক্ষ ডিফেন্ডার হুগো বুয়েনোর সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যান ২৩ বছর বয়সী। নিজের পায়ে উঠে দাঁড়ালেও আবার বসে পড়েন।
সোশ্যাল মিডিয়া পোস্টে সিমন্স লিখেছেন, ‘অনেকে বলে জীবন কখনো কখনো নিষ্ঠুর এবং আজ সেটা মনে হচ্ছে। আমার মৌসুম হুট করে শেষ হয়ে গেল এবং আমি ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি। সত্যি কথা বলতে আমার হৃদয় ভেঙে গেছে।’
নেদারল্যান্ডসের প্রথম ম্যাচ ১৪ জুন, এফ গ্রুপে তারা খেলবে জাপানের বিপক্ষে। সিমন্স যোগ করলেন, ‘আমি সবসময় আমার দলের জন্য লড়তে এবং সেই সুযোগ কেড়ে নেওয়া হলো… বিশ্বকাপের সাথে। এই গ্রীষ্মে আমার দেশকে প্রতিনিধিত্ব করার সুযোগ চলে গেল। এই বিষয়টা মেনে নিতে সময় লাগবে, কিন্তু আমি সেরা সতীর্থ হওয়ার চেষ্টা চালিয়ে যাব। কোনো সন্দেহ নেই যে আমরা একসঙ্গে এই লড়াই জিতব।’