মো. মাহবুবুর রহমান, পাথরঘাটা : ‘পাথরঘাটা আমাদের রক্ষার দায়িত্বও আমাদের, দূষণের বিরুদ্ধে নীরব প্রতিবাদ, পলিথিন ব্যাগ বদলান ভবিষ্যৎ বদলান, পলিথিন ব্যাগ ছাড়ুন সুস্থভাবে বাঁচুন’ নানা স্লোগান নিয়ে বরগুনার পাথরঘাটায় বর্জ্য-দূষন রোধে নতুন প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল দশটার দিকে পাথরঘাটা পৌর শহরের ব্যস্ততম এলাকা পুর্ব মাথায় কাঁচাবাজারের ময়লার বাঘারের পাশে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশনে এইড বাংলাদেশের সহযোগিতায় ও নজরুল স্মৃতি সংসদ’র বাস্তবায়নে সচেতনতামূলক কর্মসূচী পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, পাথরঘাটা পৌরসভার নির্বাহী প্রকৌশলী মজিবুল হায়দার, সমাজকর্মী এরফান আহমেদ সোয়েন, মেহেদি হাসান, গণমাধ্যমকর্মী জিয়াউর রহমান ফাহিম, শফিকুল ইসলাম খোকন, এক্টিভিস্টা বরগুনা, এফরটি প্রকল্পের সমন্বয়কারী মো.মনিরুজ্জামান, অ্যাকশনএইড বাংলাদেশ-এর ইন্সপিরেটর মো. রোকনুজ্জামান, ইয়ুথ ফেলো, প্রকল্প অফিসারসহ পৌরবাসী।
বক্তব্যে পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. মজিবুল হায়দার বলেন, জনগুরুত্বপূর্ণ কার্যক্রম হিসেবে ডাম্পিং স্টেশনের জন্য জমি অধিগ্রহণের কাজ অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত শুরু করা হবে। পাশাপাশি শহরের বর্জ্য প্রতিদিন অপসারণ ও মনিটরিং কার্যক্রম জোরদারের নির্দেশনা দেওয়া হয়েছে।
পরিবেশ কর্মী ও উপকূল অনুসন্ধানী সাংবাদিক শফিকুল ইসলাম খোকন বলেন, পরিবেশ দূষণ রোধে সচেতনতা তৈরির কোনো বিকল্প নেই। এখনই উদ্যোগ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করা কঠিন হয়ে পড়বে।
এরফান আহমেদ সোয়েন, জিয়াউর রহমান ফাহিম, মেহেদী শিকদার বলেন, পাথরঘাটা পৌরসভায় ক্রমবর্ধমান বর্জ্য দূষণ জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। দ্রুত একটি আধুনিক ডাম্পিং স্টেশন স্থাপন করা না হলে পরিবেশ বিপর্যয়ের মধ্যে পড়বে।
আন্দোলন শেষে ‘নো পলিথিন ডে’ কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন মুদি দোকান, ফার্মেসি, হোটেল ও ফলের দোকানে পরিবেশবান্ধব কাগজের ব্যাগ ও নেট বিতরণ করা হয়।