প্রভাত স্পোর্টস : আশরাফ হাকিমিকে ছাড়াই চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালের ফিরতি লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হতে হবে পিএসজিকে। ঊরুর চোটে আগামী বুধবার রাতে এ ম্যাচ থেকে মরক্কো রাইটব্যাকের ছিটকে পড়া গতকাল নিশ্চিত করেছে পিএসজি। ঘরের মাঠে প্রথম লেগ ৫-৪ গোলে জিতেছে ফরাসি ক্লাবটি।
প্রথম লেগে বায়ার্নের ডিফেন্ডার কনরাড লাইমারের সঙ্গে এক সংঘর্ষে আঘাত পান হাকিমি। বদলি খেলোয়াড় নামানোর সুযোগ শেষ হয়ে যাওয়ায় চোট নিয়েও শেষ পর্যন্ত মাঠে ছিলেন তিনি। হাকিমির পাস থেকে এই ম্যাচে গোল করেন খিচা কাভারাস্কাইয়া।
পিএসজির বিবৃতিতে বলা হয়, ‘বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচে ডান ঊরুতে চোট পাওয়ায় আশরাফ হাকিমিকে আগামী কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।’
ইউরোপ চ্যাম্পিয়নদের জন্য দুঃসংবাদ আছে আরও। গত বুধবার সকালে অনুশীলনের সময় ঊরুর চোটে পড়েন পিএসজির গোলকিপার লুকাস শেভালিয়ের। পিএসজির হয়ে গত জানুয়ারিতে সর্বশেষ মাঠে নামা শেভালিয়েরকেও আগামী কয়েক সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে। সেমিফাইনাল প্রথম লেগে পিএসজির পোস্ট সামলান রুশ গোলকিপার মাতভেই সাফোনভ, বেঞ্চে ছিলেন শেভালিয়ের।
গত বছর ব্যালন ডি’অর লড়াইয়ে ষষ্ঠ হাকিমি ২০২৬ বিশ্বকাপে মরক্কোর প্রধান তারকা। ২০২২ বিশ্বকাপ সেমিফাইনালে খেলা মরক্কো আগামী ১৩ জুন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। বিশ্বকাপ শুরু হবে আগামী ১১ জুন। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।
মিউনিখে ফিরতি লেগ খেলতে উড়াল দেওয়ার আগে আগামী শনিবার লিগ আঁতে লঁরার মুখোমুখি হবে পিএসজি। টেবিলে দ্বিতীয় লেঁসের সঙ্গে ৬ পয়েন্ট ব্যবধানে এগিয়ে ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষে লুইস এনরিকের দল।