তরিকুল ইসলাম,পাথরঘাটা: বরগুনার পাথরঘাটায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিন শিক্ষকের উপর সন্ত্রাসী হামলা গুরুতর জখমের অভিযোগ পাওয়া গেছে। ঐ তিন শিক্ষক বর্তমানে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন৷ শুক্রবার ( ২ মে) বেলা ১১দিকে পাথরঘাটা উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে হাসপাতাল সড়কে প্রকাশ্য দিবালোকে এ ঘটনা ঘটে। আহত সহকারী শিক্ষকরা হলেন, গোলবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম রব্বানী, পদ্মা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো:রেজাউল হাসান, চরটানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতিকুর রহমান।
পাথরঘাটা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য সচিব নেছার আহমেদ বলেন, আমাদের এক শিক্ষকের সাথে গত দুদিন পূর্বে বাকবিতন্ডা হয় এক যুবকের সাথে। সেই বিষয় নিয়ে সালিশি বৈঠকের নির্ধারিত তারিখ থাকায় আমরা উপজেলা পরিষদের সামনে একটি চায়ের দোকানে বসা ছিলাম। হঠাৎ একদল সন্ত্রাসী এসে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। আমাদের সাথে থাকা তিনজন সহকারী শিক্ষক গুরুতর আহত হওয়ায় তাদেরকে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই।
আহত সহকারী শিক্ষক গোলাম রাব্বানী বলেন, আমরা কিছু বুঝে ওঠার আগেই আমাদের উপর হামলা চালানো হয়। পরে স্থানীয়রা আমাদেরকে উদ্ধার করে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে চিকিৎসা দেন।
এমন হামলার ঘটনায় শিক্ষক সমাজে আতংক ছড়িয়ে পড়ছে। সচেতন অভিভাবক মহল মনে করেন শিক্ষকদের উপর এরকম হামলা শিক্ষার সামগ্রিক পরিবেশ নষ্ট করেছে।এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
এ ব্যাপারে জানতে চাইলে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আল আমিন বলেন, তিনজন শিক্ষককেই পাথরকাটা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। তাদের অবস্থা মোটামুটি গুরুতর হওয়ায় তারা চিকিৎসাধীন রয়েছে।এ ব্যাপারে পাথরঘাটা থানার উপ-পরিদর্শক ( এস আই) জাহাঙ্গীর হোসেন বলেন , আমরা খবর পেয়ে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে তিনজন শিক্ষককে আহত অবস্থায় দেখতে পাই। পরে তাদের কাছ থেকে অভিযোগ শুনেছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।