প্রভাত রিপোর্ট: সংরক্ষিত নারী আসনে ক্ষমতাসীন বিএনপি থেকে মনোনয়ন পাওয়ারা গণতন্ত্র উত্তরণে কাজ করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। তার আশা, মনোনয়ন পাওয়ারা পার্লামেন্টে ভূমিকা রাখতে পারবে। মঙ্গলবার (২১ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে মনোনয়নপত্র জমা দেওয়ার পর তিনি এসব কথা বলেন। বিএনপি যে ৩৬ জনকে সংরক্ষিত নারী আসনের জন্য মনোনীত করেছেন তার মধ্যে সেলিমা রহমানও রয়েছেন।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের তিনি বলেন, “আমি মনে করি এই মনোনয়নটা অত্যন্ত সুন্দরভাবে চিন্তাভাবনা করে হয়েছে। এখানে প্রবীণ এবং নবীনের যে সমন্বয় হয়েছে। আমরা আশা করি, তারা পার্লামেন্টে ঠিক সেইরকম ভূমিকা রাখতে পারবে।”
সেলিমা রহমান বলেন, “ত্রয়োদশ সংসদে আমরা সবাই আসতে পেরে আজকে ধন্য। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সংসদ। ১৭ বছর পরের এই সংসদ গণতন্ত্র উত্তরণে এবং বাংলাদেশকে সৌন্দর্যশালী করার লক্ষ্যে কাজ করবে।” এ সময় দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন সেলিমা রহমান।
উল্লেখ্য, সংরক্ষিত নারী আসনে বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্র জোট একটি আসন পেয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আজ বিকাল ৫টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দিতে পারবেন প্রার্থীরা। মনোনয়নপত্র বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল, আপিল ২৬ এপ্রিল, আপিল নিষ্পত্তি ২৭ ও ২৮ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।