তাসমিয়া আলী: সারাদিন হচ্ছে থেমে থেমে বৃষ্টি। ছাতা ছাড়া কোথাও বের হওয়া যাচ্ছে না। খুব দরকার না হলে ঘর-বাড়ি থেকে কেউ বের হচ্ছেন না। এতে করে চরম বিপাকে পড়েছে দিন মজুর ও খেটে খাওয়া মানুষেরা। সকাল থেকে শুরু হওয়া থেমে থেমে বৃষ্টির কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে দিনমজুর, রিকশাচালক, ভ্যানচালক, নির্মাণ শ্রমিকসহ দিন আনা-দিন খাওয়া মানুষদের। শুক্রবার (১ আগস্ট) সরেজমিনে রাজধানী ডেমরা, সারুলিয়া, যাত্রাবাড়ী মোড় ঘুরে দেখা গেছে, বৃষ্টিতে চলাচলে বিঘ্ন ঘটছে রিকশাচালকদের। ঝিরিঝিরি বৃষ্টিত ভিজে ভিজে যাত্রী টানছেন তারা।
ডেমরার স্টাফ কোয়ার্টার মোড়ে কথা হয় রিকশাচালক আলমের সঙ্গে। তিনি বলেন, সকাল থেকে একটানা বৃষ্টি হচ্ছে। একটু কমে তো আবার বেড়ে যায়। ছুটির দিনে এমনিতেই যাত্রী কম, এরপর বৃষ্টির কারণে মানুষও কম বের হচ্ছে।
বৃষ্টির কারণে দুর্ভোগে পড়েছেন পথচারীরাও। ছুটির দিনে কাজে বের হওয়া অনেকেই নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি। বাধ্য হয়ে অনেকেই ভিজে ভিজে কাজে বের হন। ভ্যানচালক সালাউদ্দিন আহমেদ বলেন, বর্ষাকালের বৃষ্টি লাগাতার হলেই আমদের কষ্ট বাড়ে। কোথাও জলাবদ্ধতা, আবার কোথাও যানজট। সবকিছু মিলিয়েই বাড়তি ভোগান্তিতে পড়তে হয়।
আবহাওয়া অফিস জানিয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়েই বৃষ্টি ঝরছে। আজ শুক্রবার বিকেলে বৃষ্টি কমতে পারে। এছাড়া আজকের তুলনায় আগামীকাল বৃষ্টি কিছুটা কম থাকতে পারে। এরপর আবার বাড়তে পারে।