• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম

জুনে বাংলাদেশ সফর নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া

প্রভাত রিপোর্ট / ১৫ বার
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

প্রভাত স্পোর্টস: জুনে বাংলাদেশ সফরে সাদা বলের সিরিজের সূচি চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া। অবশ্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বছরের শুরুতে যে সূচি দিয়েছিল, তাতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। এর মধ্য দিয়ে ১৫ বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে আসছে অজি দল। সর্বশেষ ২০১১ সালে মাইকেল ক্লার্কের নেতৃত্বে সফরে এসে অস্ট্রেলিয়া ৩-০ ব্যবধানে সিরিজ জিতেছিল। তখন বাংলাদেশের নেতৃত্বে ছিলেন সাকিব আল হাসান। তার আগে ২০০৬ সালে রিকি পন্টিংয়ের দলও হাবিবুল বাশারের নেতৃত্বাধীন বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল। এবার অবশ্য তিনটি ওয়ানডের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে সফরকারী দল।
বিসিবির প্রাথমিক সূচি অনুযায়ী, তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হওয়ার কথা ছিল ৫ জুন। সংশোধিত সূচিতে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ৯, ১১ ও ১৪ জুন। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।অন্যদিকে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে ১৭, ১৯ ও ২১ জুন চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে।
অবশ্য সর্বশেষ ২০২১ সালে টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছিল অস্ট্রেলিয়া। সেবার ৪-১ ব্যবধানে সিরিজ জেতে স্বাগতিক বাংলাদেশ। অন্যদিকে, আগামী আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে যাবে বাংলাদেশ। ২০০৩ সালের পর অস্ট্রেলিয়ায় এটি বাংলাদেশের প্রথম টেস্ট সফর।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও