• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ঝিনাইদহের শৈলকুপায় বাকিতে চা না দেয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ এপ্রিল ও মে মাসের জ্বালানি মজুত আছে: প্রতিমন্ত্রী এক সপ্তাহের মধ্যে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে : স্বাস্থ্যমন্ত্রী কুষ্টিয়ায় সকাল থেকে বাস চলাচল বন্ধ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ডার্ক ইগল আনছে যুক্তরাষ্ট্র হুট করেই তুরস্কে হামলা চালাতে পারে ইসরায়েল? যুক্তরাষ্ট্রকে ‘ঘায়েল’ করে বিশ্বকে হতবাক করল ইরানি তরুণরা শত শত কোটি ডলারের সামরিক ক্ষয়ক্ষতির তথ্য গোপন করছে যুক্তরাষ্ট্র: রিপোর্ট বহুমাত্রিক বাধা, ইরান-যুক্তরাষ্ট্র চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে পারবে কি? হরমুজ ইস্যুতে ভারতকে পাশে চায় ব্রিটেন ও ফ্রান্স

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’-এর প্রথম চমক রাজু সহজিয়া

প্রভাত রিপোর্ট / ২৫ বার
আপডেট : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
ছবি সংগৃহীত

প্রভাত বিনোদন: দীর্ঘদিন ধরে গান করছেন রাজু সহজিয়া। তার প্রতিষ্ঠিত গানের দল সহজিয়া দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড। শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, ছবির হাটের পোড়া রোদে কিংবা সন্ধ্যার আলো-আঁধারে সুর ও কথা বুনেছেন। গায়কির জাদু তো আছেই। দিন গড়িয়েছে, সকল প্রজন্মের কাছেই পৌঁছেছে সহজিয়ার গান। গানের দীর্ঘ এই পথচলায় প্রথমবারের মতো প্লেব্যাক করলেন রাজু সহজিয়া।
‘হাওয়া’খ্যাত নির্মাতা মেজবাউর রহমান সুমনের মুক্তিপ্রতীক্ষিত চলচ্চিত্র ‘রইদ’-এর প্রথম চমক হয়ে এলেন তিনি। গত ১৩ এপ্রিল প্রকাশিত হয়েছে চলচ্চিত্রটির প্রথম গান ‘রইদে আইলা গা জুড়াইতে’। গানটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন রাজু। সহজিয়ার ঢংয়েই চলচ্চিত্রের পর্দায় গান নিয়ে হাজির হয়েছেন। কেমন ছিল গানের পেছনের গল্পটা, বাংলাট্রিবিউনকে জানালেন তিনি।
“সুমন আমার ক্যাম্পাসের ছোটভাই। অনেকদিন ধরেই কথা হচ্ছিল, ওর সিনেমায় গান করব। ২০২৪ সালের মার্চ হবে হয়তো, তখন সুমনের সঙ্গে কথা হলো। ‘হাওয়া’ নির্মাণের সময়ও সুমন ডেকেছিল, স্বভাবগত জায়গা থেকে পরে আর করা হয়নি। এবার তাই শুনলাম, বসলাম। গল্পের প্লটটা জানলাম। ইন্টারেস্টিং ব্যাপার হলো, আমার আর সুমনের নানাবাড়ি একই জায়গায়। গল্পটাও ওখানকারই। তাই ওর ফিলের সঙ্গে ম্যাচ করতে পেরেছি সহজেই।”
গানের কথা ও সুরে লোকগীতির প্রচ্ছন্ন প্রভাব, তবু আধুনিক শ্রোতার কাছেও সমাদৃত গানটি। কীভাবে এই সংমিশ্রণ ঘটালেন? “আসলে আমরা যেটাকে লোকগান বলি, ওটাই বাংলার গান। আমি অরিজিনাল বাংলা গানই করতে চেয়েছি। শুরুর দিকে আমি প্রচুর এ ধরণের গান করতাম। ওই যে লালন ব্যান্ডের ‘তালতমালের বনেতে’ গানটা আমারই। তো, এখানে ছবির যে বিষয়, তার সঙ্গে আধুনিক গান যায় না। তাই এ ফর্মেই গানটা করেছি।”
কেমন সাড়া পাচ্ছেন? প্রশ্ন করতেই হাসি। “কেউ কেউ শুনছে, ভালো লাগা শেয়ার করছে—আমি তাতেই খুশি। সবার ভালোবাসা পাচ্ছে গানটা—এতেই আমি আনন্দিত।”
গানটির চিত্রায়ণ হয়েছে সুনামগঞ্জের সীমান্ত অঞ্চলের প্রত্যন্ত গ্রামে। গানের ভিডিওতেও দেখা গেছে সংশ্লিষ্ট সবাইকে। রাজুর লুক ও এক্সপ্রেশনও প্রশংসিত হচ্ছে এ গানে। “এটা একদমই ডিরেক্টরিয়াল আর্ট। সুমন যেভাবে বলেছে, আমরা তাই করেছি। আমি ছোটবেলায় থিয়েটার করতাম। চেষ্টা করেছি গানের ভেতরের মেলানকোলিক অনুভূতিটা ধারণ করতে।”
গানটির সঙ্গে সহজিয়া না থেকেও যেন আছে। কেননা রাজু মানেই সহজিয়া। গানটির কম্পোজিশন করেছেন রাশেদ শরিফ শোয়েব। তারও প্রশংসা করলেন রাজু। “শোয়েব চলচ্চিত্রটির সঙ্গে আছে। আমিই ওর নামটা প্রস্তাব করি। ফোক কাজ কখনো আমার ব্যান্ড ওভাবে ডিল করেনি, তাই একজন কম্পোজারের প্রয়োজন অনুভব করেছি। ও দারুণ করেছে।”
গল্পের দিক থেকে ‘রইদ’ নির্মিত হয়েছে এক ব্যতিক্রমী মানবিক সম্পর্ককে কেন্দ্র করে। এক সাধু ও তার মানসিক ভারসাম্যহীন স্ত্রীর জীবনসংগ্রামকে ঘিরে আবর্তিত হয়েছে সিনেমাটির মূল কাহিনি। ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। একজন নিশ্চুপ মানুষ, একজন অপ্রস্তুত মানুষ—যার ভেতরটা পড়তে হয়েছে গল্পের ভেতর ডুব দিয়ে। “কাজটা মোটেই সহজ ছিল না। কেউ কেউ পছন্দ করবে, কেউ কেউ হয়তো করবে না। আমার দিক থেকে সততার সঙ্গে কাজটা শেষ করতে পেরেছি—এতেই আমি তৃপ্ত।”
চলচ্চিত্রটি আসছে ঈদুল আজহায় দেশের বড় পর্দায় মুক্তি পাবে। তার আগে দেশ-বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে এটি।
নতুন খবর, ‘রইদ’ মার্কিন যুক্তরাষ্ট্রে প্রিমিয়ারের জন্য সিয়াটল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান ক্রসরোডস বিভাগে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে। চলতি বছরে আগামী ১৫ মে বিকেল ৫টা ৩০ মিনিটে (যুক্তরাষ্ট্র সময়) এবং ১৬ মে দুপুর ২টা ৩০ মিনিটে (যুক্তরাষ্ট্র সময়) দেখানো হবে উৎসবে। ২০২৫ সালের শেষ দিকে ‘রইদ’-এর ট্রেলার ও পোস্টার প্রকাশের পর থেকেই চলচ্চিত্রটি আলোচনায় আসে।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও