প্রভাত সংবাদদাতা, গাজীপুর: গাজীপুর সদর উপজেলায় ভাওয়াল রিসোর্টে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ ৬ জনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক এই অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে ওই রিসোর্ট থেকে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অবৈধ মদসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার এবং ছয়জনকে আটক করা হয়।
আটকরা হলেন- জাহিদুল আলম জয় (৩৪), ফয়জুল ইসলাম খান লাবিব (৩৬), ইফতিয়ার কাসেম চালী (৩০), জিহাদ আহম্মেদ রাফি (১৯), রেদোয়ান হাসান চৌধুরী (৩৩) ও মো. আবির হোসেন (২৩)।
অভিযানকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সালসহ বিভিন্ন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অংশগ্রহণ করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভাওয়াল রিসোর্ট অ্যান্ড স্পাতে রাতভর পরিচালিত এ অভিযানে অবৈধ মদ ও বিভিন্ন প্রকার মাদক জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে প্রযোজ্য আইনে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।