• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম

জ্বালানি লোডিং লাইসেন্স পেলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

প্রভাত রিপোর্ট / ১৪ বার
আপডেট : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬

প্রভাত সংবাদদাতা,পাবনা: পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি উৎপাদনের লক্ষ্যে কমিশনিং লাইসেন্স প্রদান করেছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। প্রয়োজনীয় সব পরীক্ষা-নিরীক্ষা শেষে সংস্থাটি এই লাইসেন্স অনুমোদন দেয়।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চলতি এপ্রিলের শেষ দিকে প্রথম ইউনিটে ইউরেনিয়াম জ্বালানি লোডিংয়ের উদ্বোধন হতে পারে। এছাড়া চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ধাপে ধাপে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হবে বলে জানিয়েছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান। লাইসেন্স প্রদানের বিষয়টি নিশ্চিত করেন প্রকল্প পরিচালক কবীর হোসেন।
তিনি বলেন, ‘আমাদের দিক থেকে আর কোনো জটিলতা নেই। কমিশনিং লাইসেন্স প্রদান করা হয়েছে। এখন সরকার উদ্বোধনের তারিখ নির্ধারণ করবে। সে অনুযায়ী জ্বালানি লোডিং কার্যক্রম শুরু হবে।’
অন্যদিকে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, ‘পূর্বে ৭ এপ্রিল উদ্বোধনের সিদ্ধান্ত থাকলেও কিছু জটিলতা দেখা দেওয়ায় তা পিছিয়ে দেওয়া হয়।’ তিনি আরও বলেন, ‘সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সময় নিয়ে সমস্যাগুলো সমাধান করেছি। বর্তমানে পরিস্থিতি অনুকূলে থাকায় জ্বালানি লোডিংয়ের বিষয়ে সবাই একমত হয়ে লাইসেন্স প্রদান করা হয়েছে।’
এদিকে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. জাহেদুল হাসান জানিয়েছেন, ‘প্রকল্পের গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক কাজ এরই মধ্যে সম্পন্ন হয়েছে। অগ্নিনিরাপত্তা সংক্রান্ত অনাপত্তিপত্রও পাওয়া গেছে। নিরাপত্তা, সুরক্ষা ও সেফগার্ড নিশ্চিত করেই জ্বালানি লোডিংয়ের প্রস্তুতি নেওয়া হয়েছে।’
বিশেষজ্ঞদের মতে, জ্বালানি প্রবেশের পর অন্তত ছয় মাস পরীক্ষামূলক উৎপাদন চলবে। এসময় ধাপে ধাপে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা ও আন্তর্জাতিক অনুমোদন গ্রহণ করতে হবে। ফলে সেপ্টেম্বরের আগে বাণিজ্যিক উৎপাদন শুরুর সম্ভাবনা কম বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :
এই বিভাগের আরও