প্রভাত সংবাদদাতা,কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৩৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও এক হাজার জনকে আসামি করে মামলা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে ১৩ জনকে আটক করেছে পুলিশ। রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, সংঘর্ষে ওসিসহ চার পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনায় শনিবার রাতে উপপরিদর্শক (এসআই) মশিউর রহমান বাদী হয়ে মামলাটি করেন। অভিযানে জড়িত থাকার অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে উপজেলার টান লক্ষিয়া ও হাপানিয়া গ্রামের মধ্যে অনুষ্ঠিত একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয় ও রাত পর্যন্ত উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর জেরে শনিবার সকাল থেকে আবারও দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় উভয় পক্ষের হামলায় কয়েকটি বাড়িঘর ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। এতে ওসি এস এম আরিফুর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হন। এছাড়া দুই পক্ষের অন্তত ১৬ জন আহত হয়েছেন। এ ঘটনায় রাতে অভিযান চালিয়ে ১৩ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে ও এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।