প্রভাত সংবাদদাতা, পঞ্চগড়: পঞ্চগড়ের পৃথক দুই সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় চার লাখ টাকার ভারতীয় শাড়ি, কাপসহ দুটি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। রবিবার (১৯ এপ্রিল) সকালে নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে ভারতীয় পণ্য জব্দের তথ্য নিশ্চিত করা হয়।
বিজিবি সূত্র জানায়, নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের ধামেরঘাট ও সদর উপজেলার অমরখানা ইউনিয়নের সীমান্ত এলাকায় শনিবার (১৮ এপ্রিল) গভীর রাতে এসব অভিযান পরিচালনা করা হয়। এসময় ধামেরঘাট বিওপির সীমান্তের মেইন পিলার পিলার ৭৭০ এলাকার বাংলাদেশের অভ্যন্তরে পেয়ারা বাগান সীমান্ত এলাকায় ভারতীয় শাড়ি এবং বোদার বড়শশী বিওপির মেইন পিলার ৭৭৮ এর ৭ নম্বর সাব পিলার সংলগ্ন অমরখানা এলাকা থেকে দুইটি ভারতীয় গরু জব্দ করা হয়। তবে চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি বিজিবি। জব্দকৃত শাড়ির মূল্য দুই লাখ ২০ হাজার টাকা এবং গরু দুটির মূল্য এক লাখ ৫০ হাজার টাকা বলে জানায় বিজিবি।
নীলফামারী ৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিরাজুল ইসলাম জানান, জব্দকৃত ভারতীয় পণ্যের আনুমানিক মূল্য তিন লাখ ৭০ হাজার টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।