মো: বাবুল শেখ, পিরোজপুর : পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় গভীর রাতে সংঘটিত চাঞ্চল্যকর ডাকাতি মামলার প্রধান আসামি অন্তঃজেলা ডাকাত সর্দার আঃ আজিজ ফরাজী (৫৭)কে ওসি মোঃ তরিকুল ইসলামের দিক নির্দেশনায় গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
জানাগেছে, ১৯ এপ্রিল রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার কলারদোয়ানিয়া গ্রামে শিক্ষক ও ব্যবসায়ী নাজমুল হাসান উজ্জ্বল বাহাদুরের বাড়িতে ৮ -১০ জনের একটি ডাকাত দল হামলা চালায়। ডাকাতরা ধারালো অস্ত্র নিয়ে গৃহকর্তাকে আক্রমণ করলে পরিবারের সদস্যরা প্রতিরোধ গড়ে তোলে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও সংঘর্ষ শুরু হয়।
সংঘর্ষের খবর পেয়ে স্থানীয়রা এগিয়ে এলে ডাকাত দলের সদস্যরা পালিয়ে যায়। এ সময় গুরুতর আহত অবস্থায় এক ডাকাতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার কিছু সময় পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত ডাকাত দুলাল রাড়ী (২৬), হিজলা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে।
এ ঘটনায় গৃহকর্তা উজ্জ্বল বাহাদুর (৫১) ও তার ছেলে মিশকাত বাহাদুর (১৯) গুরুতর আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং জড়িতদের শনাক্তে কাজ চালায়। ঊর্ধ্বতর কর্তৃপক্ষের দিকনির্দেশনায় এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত দলের সরদারকে গ্রেফতার করা সম্ভব হয়েছে।
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, মোট ৯ জনের একটি দল ডাকাতির সঙ্গে জড়িত ছিল। তারা একটি ট্রলারযোগে এলাকায় আসে যেখানে ২ জন ট্রলারে অবস্থান করে এবং বাকি ৭ জন বাড়িতে প্রবেশ করে ডাকাতির চেষ্টা চালায়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকাল ১১ টায় নাজিরপুর থানায় এক প্রেস কনফারেন্স পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান জানান, বরিশাল রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপারের দিকনির্দেশনায় দ্রুত তদন্ত চালিয়ে ঘটনার রহস্য উদঘাটন করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত (২২ এপ্রিল) বুধবার বিকেল ৪ টায় মাদারীপুর শহর থেকে ডাকাত দলের সরদার আঃ আজিজকে (৫৭) গ্রেফতার করা হয় পুলিশ ও র্যাবের সহযোগিতায়। তিনি আরও জানান, পলাতক অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
ওসি মোঃ তারিকুল ইসলাম বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের উদ্দেশ্যেই ডাকাত দলটি হামলা চালিয়েছিল। তবে গৃহকর্তার পরিবারের সাহসী প্রতিরোধের কারণে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে এবং জাকাত দলের বাকি সদস্যদের খুব শিগগিরই ধরতে সক্ষম হবে বলে জানান ।