• শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন
Headline
অস্থিরতায় বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের ক্রয়াদেশ, বেশি লাভবান হচ্ছে ভারত ‘সঠিক তথ্য ও দক্ষতা ছাড়া বিদেশে গিয়ে অনেকে সর্বস্ব হারাচ্ছেন, রুখতে চাই সচেতনতা’ রাজধানীতে কয়েক ঘণ্টার ব্যবধানে তিন বাসে আগুন এ্যানি-টুকুসহ ৫ নেতা নতুন দায়িত্বে ফ্যাসিবাদী দুঃশাসনে গণতন্ত্র বারবার হোঁচট খেয়েছে: রিজভী টুঙ্গিপাড়ায় বিজিবির মামলা , আসামি ৫০০৮ জন রাজধানীর টিকাটলিতে হোটেল ওসমানী ইন্টারন্যাশনালে ঢুকে এলোপাতাড়ি ছুরিকাঘাত, ব্যবস্থাপক নিহত, আহত ২ বিকল্প রুটে চলবে জাহানাবাদ এক্সপ্রেস, সুবিধা পাবেন রাজবাড়ী-কুষ্টিয়ার যাত্রীরা গোপালগঞ্জে মুঠোফোনে টাকা লেনদেন করতে পারছেন না অনেক গ্রাহক আল্পস পর্বতের নীচে তৈরি হচ্ছে বিশাল রেল প্রকল্প, কমবে যাত্রার সময়

অস্থিরতায় বাংলাদেশ থেকে অন্য দেশে যাচ্ছে পোশাকের ক্রয়াদেশ, বেশি লাভবান হচ্ছে ভারত

Reporter Name / ৩০ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

প্রভাত ডেস্ক: জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার ও সেলিওসহ বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলো চলতি নভেম্বরের প্রথমার্ধে বাংলাদেশ থেকে তাদের মাসিক ক্রয়াদেশের প্রায় ১০ শতাংশ এশিয়ার অন্যান্য দেশে সরিয়ে নিয়েছে। মজুরি বৃদ্ধির দাবিতে চার সপ্তাহ ধরে চলা শ্রমিকদের আন্দোলনে উৎপাদন ব্যাহত হওয়ায় এবং উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় বাংলাদেশের প্রতিযোগিতামূলক সক্ষমতা কমে আসার প্রেক্ষাপটে এসব ক্রয়াদেশ সরিয়ে নেওয়া হয়েছে। তিনজন কারখানা মালিক এ তথ্য জানিয়েছেন। রয়টার্স
তৈরি পোশাকশিল্প মালিকদের ভাষ্য অনুযায়ী, শ্রম অস্থিরতায় ১ থেকে ১৮ নভেম্বরের মধ্যে বাংলাদেশ থেকে প্রায় ২৫ কোটি ৪০ লাখ ডলারের পোশাকের ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে। এর বড় অংশই গেছে প্রতিবেশী ভারতে। বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি তৈরি পোশাকশিল্পের জন্য এই ক্রয়াদেশ স্থানান্তর বড় ধরনের ধাক্কা। শ্রম অসন্তোষের অবসান হলেও এর প্রভাব দীর্ঘস্থায়ী হতে পারে।
পোশাকশিল্প খাতের নেতারা বলছেন, মজুরি বৃদ্ধি, জ্বালানিসংকট ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে বাংলাদেশের কম উৎপাদন ব্যয়ের সুবিধা কমে গেছে। এই সুবিধার কারণেই বাংলাদেশ চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশে পরিণত হয়েছিল। এখন এসব কারণে আন্তর্জাতিক ব্র্যান্ডগুলো পোশাকের উৎস হিসেবে বিভিন্ন দেশকে বেছে নিচ্ছে। তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর হিসাব অনুযায়ী, মজুরি বৃদ্ধির দাবিতে যে শ্রম অসন্তোষ হয় তাতে কারখানাগুলোর উৎপাদন ক্ষতির পরিমাণ ৪০ কোটি ডলারের বেশি।
দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাকশিল্প থেকে। এ ছাড়া দেশের উৎপাদন খাতের মোট কর্মসংস্থানের প্রায় ৪০ শতাংশ হয়েছে এই খাতে।
পোশাকশিল্পের নেতারা জানান, আন্তর্জাতিক ব্র্যান্ডগুলোর ক্রয়াদেশ সরিয়ে নেওয়ায় সবচেয়ে বেশি লাভবান হয়েছে বাংলাদেশের প্রতিবেশী ভারত। সরবরাহব্যবস্থার ঝুঁকি কমাতে এবং নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ নিশ্চিত করতে ক্রেতারা অবশ্য ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ার দিকেও ঝুঁকছেন।
গত মঙ্গলবার মধ্যরাতে তৈরি পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি ৩৬ শতাংশ বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত হয় মজুরি বোর্ডে। ফলে ন্যূনতম মজুরি দাঁড়িয়েছে ১৭ হাজার টাকা। যদিও পরদিন শ্রমিকেরা বিক্ষোভ করেছেন। সেদিন ৪০৫ কারখানার উৎপাদন ব্যাহত হয়। বৃহস্পতিবার এই প্রবণতা কিছুটা কমে আসে।
আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে সম্পর্কের বিষয়টি বিবেচনায় নিয়ে নাম প্রকাশ না করার শর্তে তিনজন কারখানার মালিক রয়টার্সকে বলেন, শ্রম অস্থিরতার কারণে জারা, এইচঅ্যান্ডএম, মার্কস অ্যান্ড স্পেনসার, সেলিওসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ড বাংলাদেশ থেকে ক্রয়াদেশ সরিয়ে নিয়েছে। এসব ক্রয়াদেশের বড় অংশই পেয়েছে ভারত।
জারার মূল প্রতিষ্ঠান ইন্ডিটেক্স রয়টার্সের প্রশ্নের জবাব দিতে রাজি হয়নি। অন্যদিকে মার্কস অ্যান্ড স্পেনসার, এইচঅ্যান্ডএম ও সেলিও মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।
বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, মজুরি বৃদ্ধি, ইউটিলিটি ও কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় পোশাক প্রস্তুতকারকেরা বাড়তি চাপের মুখে পড়েছেন।
মহিউদ্দিন চৌধুরী আরও বলেন, ‘ক্রেতারা যখন পণ্যের দাম আরও কমানোর চাপ দিচ্ছেন এবং প্রতিযোগী দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা বাড়ছে, তখন মজুরি বৃদ্ধির ফলে উৎপাদন খরচ আরও বেড়েছে।’
বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান অবশ্য কোন কোন ব্র্যান্ড ক্রয়াদেশ সরিয়েছে, তা বলতে চাননি। তিনি বলেন, সাময়িকভাবে কিছু ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেওয়া আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখা এবং আর্থিক ক্ষতি কমানোর চেষ্টা করছে শিল্প।

ভবিষ্যতের ক্রয়াদেশ নিয়েও শঙ্কা

কারখানা মালিকেরা বলছেন, তাঁদের বড় উদ্বেগ হলো, ইতিমধ্যে অন্য দেশে চলে যাওয়া ক্রয়াদেশের পর ভবিষ্যতের ক্রয়াদেশও হারাতে পারে বাংলাদেশ। তা ছাড়া মধ্যপ্রাচ্যের অস্থিরতায় জ্বালানিসংকট আরও বেড়েছে। এতে উৎপাদন ব্যাহত হচ্ছে। কিছু কারখানাকে বিকল্প উৎস থেকে বেশি দামে বিদ্যুৎ সংগ্রহ করতে হচ্ছে।
বিজিএমইএর পরিচালক এম মহিউদ্দিন চৌধুরী বলেন, পোশাক সরবরাহকারী বাছাইয়ের ক্ষেত্রে ক্রেতারা এখন দামের চেয়ে পণ্য সরবরাহের সময়কে বেশি গুরুত্ব দিচ্ছেন। তিনি বলেন, ‘ব্র্যান্ডগুলো যখন নির্ধারিত সময়ে পণ্য সরবরাহের চাপের মধ্যে থাকে, তখন দামের বিষয়টি দ্বিতীয় বিবেচনায় চলে যায়।’ তাঁর ভাষ্য অনুযায়ী, ভারতের কারখানাগুলো বাংলাদেশি কারখানার তুলনায় প্রায় এক সপ্তাহ আগে পণ্য সরবরাহ করতে পারে। অন্যদিকে ভিয়েতনাম ও কম্বোডিয়া সরবরাহের সময়সীমা ১৫ দিন পর্যন্ত কমিয়ে আনতে পারে।
উৎপাদন ব্যাহত হওয়ায় কারখানাগুলোতে কাজের জট তৈরি হয়েছে। ঢাকার আশপাশের এলাকার কারখানাগুলো আনুমানিক ২০ থেকে ২৫ দিনের উৎপাদন সময় হারিয়েছে। নির্ধারিত সময়ে ক্রেতাদের কাছে পণ্য পৌঁছাতে এখন কিছু কারখানা অতিরিক্ত সময় কাজ করানো এবং ব্যয়বহুল আকাশপথে পণ্য পাঠানোর কথা ভাবছে।
আল্পস অ্যাপারেলস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) খান মনিরুল আলম বলেন, শ্রম অসন্তোষের প্রভাব ইতিমধ্যে নতুন ক্রয়াদেশ পাওয়ার ক্ষেত্রেও পড়েছে। তিনি বলেন, ‘১ নভেম্বর থেকে আমার অধিকাংশ ক্রেতা নতুন ক্রয়াদেশ দেয়া বন্ধ রেখেছেন। তাঁরা আমাদের বলছেন, ক্রয়াদেশ অন্য দেশে সরিয়ে নেয়া হয়েছে, স্থগিত করা হয়েছে অথবা বাতিল করা হয়েছে। তাঁরা এরই মধ্যে বিকল্প ব্যবস্থাও করে ফেলেছেন।’
এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে অবস্থান থেকে ঢাকায় ফেরার সম্ভাবনাকে ঘিরে রাজনৈতিক উত্তেজনাও নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।
পোশাকশিল্প খাতের নেতারা বলছেন, আন্তর্জাতিক ক্রেতাদের ধরে রাখতে হলে দেশে স্থিতিশীল পরিবেশ ফিরিয়ে আনা এবং নিরবচ্ছিন্ন উৎপাদন নিশ্চিত করা জরুরি। অস্থিরতার সময় যেসব ক্রয়াদেশ অন্য দেশে চলে গেছে, পরিস্থিতি স্বাভাবিক হলেও সেগুলো আর বাংলাদেশে ফিরে না-ও আসতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category