প্রভাত স্পোর্টস: আগামী ডিসেম্বরে বসছে আইপিএলের মিনি নিলাম। তার আগে কাদের ধরে রাখা হবে সেই তালিকা চূড়ান্ত করার কাজও শুরু করে দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। এরই মধ্যে নতুন ঝামেলায় পড়েছে কয়েকটি দল। শোনা যাচ্ছে, বেশ কয়েকজন তারকা ক্রিকেটার নিজেদের দলকে জানিয়েছেন, অন্তত ৪০ কোটি টাকা দিয়ে ধরে রাখা না হলে তারা দলে থাকতে রাজি নন। নিলামে অংশ নিতে পারেন। শেষ মুহূর্তে ক্রিকেটারদের এই চাহিদায় বিপাকে পড়েছে দলগুলো।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, কয়েকজন ক্রিকেটার চাইছেন, দল অন্তত ৪০ কোটি টাকা দিয়ে তাদের ধরে রাখুক। দু’জন ক্রিকেটার এ কথা দলকে জানিয়েও দিয়েছেন। ভবিষ্যতে আরও কয়েক জন একই রাস্তায় হাঁটতে পারেন। ক্রিকেটারদের দাবি, ৪০ কোটি দেওয়া হলে তবেই তারা দলে থাকতে পারেনি। না হলে নিলামে অংশ নেবেন, যেখান থেকে বেশি টাকা পাওয়া যাবে বলে মত তাদের।
দলে থেকে যাওয়ার বদলে নিলামে অংশ নেওয়ার কৌশল নতুন নয়। ২০২৫-এ মহা নিলামে অংশ নিয়েছিলেন শ্রেয়াস আয়ার এবং ঋষভ পন্ত। তারা যথাক্রমে ২৬.৭৫ কোটি এবং ২৭ কোটি টাকা পেয়েছিলেন। তবে নিলামের গতিপ্রকৃতি যে দিকে যাচ্ছে, তাতে অংশ নিলে ৪০ কোটি টাকা পাওয়া অসম্ভব নয় বলেই মনে করছেন বেশ কিছু ক্রিকেটার।
গতবারের মহা নিলামে প্রতিটি দলের হাতে ছিল ১২০ কোটি টাকা। সেখানেই পন্ত পেয়েছিলেন ২৭ কোটি। পরের মহা নিলামে ১৫০ কোটি টাকা থাকবে প্রতিটি দলের হাতে। ফলে দলগুলো আরও বেশি দাম দিয়ে ক্রিকেটারদের কিনতে পারবে। সুযোগ বুঝে দর বৃদ্ধির রাস্তায় নেমেছেন কিছু ক্রিকেটার।