• শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৮:৪৭ অপরাহ্ন

ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখতে ব্যর্থ আর্নে স্লট, লিভারপুলের নতুন কোচ ইরাওলা

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ৫ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হওয়ার পর আর্নে স্লটকে গত শনিবার বরখাস্ত করে লিভারপুল। তাঁর জায়গায় ক্লাবটির নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন স্প্যানিশ কোচ আন্দোনি ইরাওলা। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নতুন কোচ হিসেবে তাঁর নাম ঘোষণা করে লিভারপুল।
স্লটের জায়গায় লিভারপুলের প্রথম পছন্দ হিসেবে ইরাওলার নামই উঠে এসেছিল। ৪৩ বছর বয়সী এই স্প্যানিশ কোচের চুক্তির মেয়াদ কত দিনের, সে বিষয়ে লিভারপুল আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোর দাবি, দুই বছরের চুক্তিতে অ্যানফিল্ডের ক্লাবটিতে যোগ দিয়েছেন তিনি। মৌসুম শেষে বোর্নমাউথ কোচের পদ ছেড়ে অ্যানফিল্ডের ক্লাবটির দায়িত্ব নিলেন ইরাওলা।
লিভারপুলের ওয়েবসাইটে ইরাওলা বলেন, ‘আমি সত্যিই দারুণ রোমাঞ্চিত। লিভারপুল কেমন ক্লাব, তা সবাই জানে। এটি বিশ্বের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী একটি ক্লাব। তবে ক্লাবটির সঙ্গে জড়িয়ে যাওয়ার পর ভেতর থেকে আমার মনে হয়েছে, এটি সত্যিই এক অনন্য ক্লাব।’
ইরাওলা যোগ করেন, ‘লিভারপুলের প্রতি আকৃষ্ট হতে খুব বেশি কারণের প্রয়োজন হয় না। লিভারপুল তো লিভারপুলই! এখানকার আবহ, সমর্থক, ক্লাবের ঐতিহ্য এবং সর্বোচ্চ স্তরের ফুটবলারদের কোচিং করানোর পাশাপাশি শিরোপার জন্য লড়াই করার সুযোগ—এর চেয়ে আকর্ষণীয় আর কিছুই হতে পারে না। এমন সুযোগ পাওয়া কঠিন। কাজ শুরু করার জন্য আমি মুখিয়ে আছি।’
অ্যানফিল্ডে দ্বিতীয় মৌসুমে লিভারপুলের নিষ্প্রাণ পারফরম্যান্সের জন্য সমালোচনার শিকার হন স্লট। সমর্থকদের প্রত্যাশা, সাবেক জনপ্রিয় কোচ ইয়ুর্গেন ক্লপের মতোই আক্রমণাত্মক ও গতিময় ফুটবল উপহার দেবেন ইরাওলা।
এবারের মৌসুমে বোর্নমাউথকে প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থানে তুলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন ইরাওলা। এর মাধ্যমে ক্লাবটি ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপিয়ান প্রতিযোগিতায় (ইউরোপা লিগ) খেলার যোগ্যতা অর্জন করে। ২০২৩ সালে রায়ো ভায়েকানো থেকে বোর্নমাউথে যোগ দেন ইরাওলা। এর আগে মিরান্দেস এবং সাইপ্রাসের ক্লাব এইকে লার্নাকার কোচের দায়িত্ব পালন করেছেন।
ইরাওলার অধীনে বোর্নমাউথ প্রতিবছরই উন্নতি করেছে (পয়েন্ট তালিকায় যথাক্রমে ১২তম, নবম ও ষষ্ঠ হয়েছে)। সাবেক এই ডিফেন্ডার তাঁর চতুর কৌশল এবং এলি জুনিয়র ক্রুপি ও অ্যালেক্স স্কটের মতো তরুণ ফুটবলারদের গড়ে তোলার জন্য প্রশংসিত হয়েছেন।

পঞ্চম হয়ে মৌসুম শেষ

মৌসুম শেষে লিভারপুল ছাড়ার আগে মিসরীয় তারকা মোহামেদ সালাহ ক্লপের বিখ্যাত ‘হেভি মেটাল ফুটবল’ ফিরিয়ে আনার তাগিদ দিয়েছিলেন, যা স্লটের ওপর চাপ আরও বাড়ায়। স্লটের নিয়ন্ত্রিত ঘরানার ফুটবলের বিপরীতে ইরাওলা সব সময়ই হাই প্রেসিং ও আক্রমণাত্মক ফুটবল পছন্দ করেন। এটি লিভারপুল সমর্থকদের জন্য নিশ্চিতভাবেই স্বস্তির খবর।
সমর্থকদের প্রতি ইরাওলা বলেছেন, ‘আমি শুধু এটুকুই বলতে পারি, আমিও আপনাদের একজন হয়ে উঠতে চাই। আপনাদের ভালোবাসা ও অধিকার অর্জন করতে চাই, যেন আমরা সবাই মিলে সাফল্য উদ্‌যাপন করতে পারি।’
স্পেনের বাস্ক অঞ্চলে জন্ম নেওয়া ইরাওলা অ্যাথলেটিক বিলবাওয়ের হয়ে ৫০০-এর বেশি ম্যাচ খেলেছেন। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে নিউইয়র্ক সিটিতে তাঁর সতীর্থ ছিলেন ফ্রাঙ্ক ল্যাম্পার্ড ও আন্দ্রেয়া পিরলো।
লিভারপুলে ইরাওলা এমন সময়ে এলেন, যখন স্লটের ব্যর্থতায় লিভারপুল ক্রান্তিকাল পার করছে। ২০২৪ সালে ক্লপ বিদায় নেওয়ার পর স্লটের জন্য সাফল্য ধরে রাখা কঠিন ছিল। লিভারপুল কোচ হিসেবে ক্লপ তাঁর ৯ বছরে ক্লাবটিকে প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়নস লিগ জেতান।
ফেইনুর্দের সাবেক কোচ স্লটের লিভারপুলে শুরুটা অবশ্য দারুণ ছিল। তাঁর প্রথম মৌসুমে ২৯ গোল করেছিলেন সালাহ এবং ২০তম লিগ শিরোপা জেতে লিভারপুল। কিন্তু ২০২৫-২৬ মৌসুমে লিভারপুলের ছন্দপতন ঠেকাতে পারেননি স্লট। গত সেপ্টেম্বরের শেষ দিক থেকে লিভারপুলের পারফরম্যান্সে ধস নামে এবং কোনো ট্রফি ছাড়াই মৌসুম শেষ করে তারা।
গত বছরের জুলাইয়ে সড়ক দুর্ঘটনায় লিভারপুল ফরোয়ার্ড দিয়োগো জোতার আকস্মিক মৃত্যুতে পুরো দল মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। নতুন খেলোয়াড় কিনতে ক্লাবটি ৪৫ কোটি পাউন্ড খরচ করেও পরিস্থিতির উন্নতি ঘটাতে পারেনি। এর মধ্যে সালাহর সঙ্গে স্লটের সম্পর্কের অবনতি ঘটে এবং দলের বাজে পারফরম্যান্সের কারণে সমর্থকেরাও কোচের ওপর ক্ষুব্ধ হন।
চ্যাম্পিয়ন আর্সেনালের চেয়ে ২৫ পয়েন্ট পিছিয়ে টেবিলে পঞ্চম হয়ে প্রিমিয়ার লিগ শেষ করে লিভারপুল, যা অন্তত আগামী মৌসুমে চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category