প্রভাত অর্থনীতি: গত এক বছরে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে একের পর এক নীতিগত ছাড় দেওয়া সত্ত্বেও— ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংকখাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকায়।
বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা। এর ফলে মোট ঋণের বিপরীতে খেলাপি ঋণের হার গত জুন মাসের ৩২.৭৮ শতাংশ থেকে বেড়ে সেপ্টেম্বরে ৩৩.৮০ শতাংশে পৌঁছেছে।
সিনিয়র ব্যাংকাররা বলছেন, ছাড়কৃত শর্তে ঋণ পুনঃতফসিল, সুদ মওকুফসহ এককালীন এক্সিট বা প্রস্থান সুবিধা, বন্ধ কারখানা চালুর বিশেষ স্কিম এবং আংশিক ঋণ অবলোপনের (রাইট-অফ) মতো বেশ কিছু নিয়ন্ত্রক পদক্ষেপও প্রত্যাশিত ফল দিতে ব্যর্থ হয়েছে। মূলত এসব উদ্যোগ বাস্তবায়নের ক্ষেত্রে ব্যবহারিক জটিলতা এবং সামগ্রিক অর্থনীতির দুর্বল পরিস্থিতির কারণেই এমনটি ঘটেছে।
এদিকে, নতুন সরকার গঠনের পরও চলমান রাজনৈতিক অস্থিরতার কারণে সামগ্রিক ব্যবসায়িক পরিবেশ চাপে রয়েছে, যার ফলে অনেক ঋণগ্রহীতাই তাঁদের ঋণের কিস্তি পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন। পাশাপাশি তীব্র জ্বালানি সংকটের কারণে মূল্যস্ফীতি বাড়ছে এবং ব্যবসার পরিচালন ব্যয়ও ঊর্ধ্বমুখী হচ্ছে। খরচ বেড়ে যাওয়ায় নতুন বিনিয়োগের আগ্রহও কমেছে—যার ফলে টানা সাত মাস ধরে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ৫ শতাংশের নিচে আটকে আছে, যা এক ঐতিহাসিক সর্বনিম্ন রেকর্ড।
নাম না প্রকাশের শর্তে বেসরকারি একটি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গণমাধ্যমকে জানান, বর্তমানে যেসব ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছে, সেগুলোর অনেকগুলোই বছরের পর বছর ধরে সংকটাপন্ন অবস্থায় ছিল; তবে এখন সেগুলো আনুষ্ঠানিকভাবে ব্যাংকের ব্যালেন্স শিটে বা স্থিতিপত্রে দেখানো হচ্ছে।
তিনি উল্লেখ করেন, সামগ্রিক অর্থনীতির মন্থরগতি ঋণগ্রাহকদের ঋণ পরিশোধের সক্ষমতা কমিয়ে দিয়েছে, তাই নীতিগত প্রণোদনার সুফল এখনো দেখা যাচ্ছে না। এ ছাড়া বিশেষ প্রণোদনার স্কিমে বড় ঋণগ্রহীতাদের থেকে তেমন সাড়া না পাওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন, খুব কম সংখ্যক গ্রাহকই এগিয়ে এসেছেন, যাঁরা এসেছেন তাঁদের অধিকাংশই আবার ঋণ পরিশোধের বদলে পুনঃতফসিল করছেন। তবে আগামী মাসগুলোতে এসব নীতির ইতিবাচক প্রভাব আরও স্পষ্ট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, জবাবদিহিতা নিশ্চিত না করে বারবার ছাড় দিয়ে ব্যাংকখাতে সংকট আরও ঘনীভূত হওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে।
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন উল্লেখ করেন, ঋণগ্রহীতাদের বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হলেও, ইচ্ছাকৃত ঋণখেলাপিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে তেমন কোনো জোর দেওয়া হচ্ছে না। আদালতের স্থগিতাদেশ নিয়ে খেলাপিদের নতুন ঋণ পাওয়ার সুযোগ দিয়ে সম্প্রতি জারি করা একটি সার্কুলারের প্রসঙ্গ টেনে তিনি সতর্ক করেন যে, এ ধরনের পদক্ষেপ ব্যাংকিং শৃঙ্খলাকে ধ্বংস করে দিতে পারে।
জাহিদ হোসেন বলেন, “এর ফলে যেসব ঋণগ্রহীতা আন্তরিকভাবে ঋণ পরিশোধ করতে চান, তাঁরা যখন দেখেন অন্যরা খেলাপি থাকা সত্ত্বেও নতুন ঋণ পাচ্ছেন, তখন তাঁরাও নিরুৎসাহিত হয়ে পড়েন।” এটি ধীরে ধীরে ব্যবসায়ীদের আর্থিক শৃঙ্খলা বজায় রাখার প্রবণতাকে দুর্বল করে দেয় বলেও মন্তব্য করেন তিনি।
ব্যাংকের বিপুল পরিমাণ তহবিল খেলাপি ঋণে আটকে থাকায়—পুনঃতফসিল ও এক্সিট সুবিধার মতো ছাড়গুলো—মূলধন পুনরুদ্ধার এবং সেই অর্থ আবার অর্থনীতিতে প্রবাহিত করার ক্ষেত্রে, ব্যাংকগুলোর সক্ষমতা আরও সংকুচিত করছে বলে জানান তিনি। তাঁর মতে, “এর ফলে প্রকৃত উদ্যোক্তা এবং সম্ভাবনাময় ব্যবসাগুলোর জন্য ঋণপ্রাপ্তি সীমিত হয়ে পড়বে; যা বিনিয়োগ, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর সুদূরপ্রসারী নেতিবাচক প্রভাব ফেলবে।”
এক্সিট পলিসির উদাহরণ দিয়ে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মাহবুবুর রহমান বলেন, নীতিগত কাঠামোটি মূলত বেশ ভালো। এটি বৈশ্বিক চর্চার সাথেও সামঞ্জস্যপূর্ণ। তিনি ব্যাখ্যা করে বলেন, “আমি যদি আমার পুরো টাকা আদায় করতে না পারি, কিন্তু ঋণগ্রহীতার সাথে আলোচনার মাধ্যমে আসলের একটি বড় অংশ উদ্ধার করতে পারি, তাহলেও বিষয়টির নিষ্পত্তি হয়ে যায়। কিন্তু বড় পরিসরে এটি ঘটছে না, কারণ আমরা বায়ার খুঁজে পাচ্ছি না। আওয়ামী সরকারের পতনের পর থেকে বাজারে বায়ার নেই বললেই চলে।”
মাহবুবুর রহমান উল্লেখ করেন, বিনিয়োগকারীরা মূলধন খাটাতে আগ্রহী হলে এতদিনে সংকটাপন্ন সম্পদগুলোর হাতবদল হয়ে যেত। তিনি বলেন, “খুব কম লোকজনই এখন বাজারে টাকা আনতে প্রস্তুত, আর যাঁদের হাতে তহবিল আছে তাঁদের মধ্যেও বড় বিনিয়োগ করার মতো আস্থার অভাব রয়েছে।” আগে বিনিয়োগকারীরা নিশ্চিত বোধ করতেন যে সরকার বাজারের পেছনে আছে, কিন্তু সেই নিরাপত্তাবোধ এখন উবে গেছে বলে জানান তিনি।
“একই সময়ে ব্যাংকগুলো ঋণ দেওয়ার মতো যোগ্য গ্রাহক খুঁজে পেতেও হিমশিম খাচ্ছে। অর্থনীতির বর্তমান অবস্থায় ভালো ঋণগ্রহীতারাও নতুন ঋণ নিতে আগ্রহী হচ্ছেন না” –যোগ করেন তিনি।
বন্ধ কারখানা পুনরায় চালু করার সরকারি উদ্যোগও আইনি এবং সুশাসন সংক্রান্ত জটিলতায় বাধাগ্রস্ত হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে আরেকটি বেসরকারি ব্যাংকের একজন জ্যেষ্ঠ নির্বাহী বন্ধ কারখানাগুলো নতুন বিনিয়োগকারীদের হাতে তুলে দেওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নির্দেশনার বাস্তবসম্মত প্রয়োগ নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, “বাস্তবে কি আমরা আসলেই তা করতে পারি? ব্যাংকগুলো যদি কেবল কারখানা দখল করে অন্য কারও হাতে তুলে দিতে পারত, তাহলে কি আদালতে এত মামলা ঝুলে থাকত? কোনো ঋণগ্রহীতা খেলাপি হলেই মালিকের সম্মতি বা আইনি এখতিয়ার ছাড়া তাঁর কারখানা দখল করে অন্য কাউকে দিয়ে দেওয়ার বা ইজারা দেওয়ার অধিকার আমাদের নেই।” তিনি নিয়ন্ত্রক সংস্থার বার্তার মধ্যেও স্ববিরোধিতার দিকটি তুলে ধরে বলেন, একদিকে বিভিন্ন উদ্যোগের আওতায় ঋণ দেওয়ার জন্য ব্যাংকগুলোর ওপর চাপ রয়েছে, অন্যদিকে গভর্নর বারবার স্বাধীনভাবে বিচার-বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার কথা মনে করিয়ে দিচ্ছেন—কারণ ঋণের ঝুঁকি শেষ পর্যন্ত ব্যাংকগুলোর নিজস্ব ব্যালেন্স শিটেই বর্তায়।
পর্যাপ্ত আলোচনা ছাড়াই কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে “একের পর এক সার্কুলার” জারির সমালোচনা করে ওই নির্বাহী বলেন, বাণিজ্যিক ব্যাংকগুলোর মতামত প্রায়ই উপেক্ষা করা হয়। তিনি বলেন, “বন্ধ কারখানা পুনরায় চালুর বিষয়ে আমরা বেশকিছু প্রশ্ন ও মতামত জমা দিয়েছিলাম, কিন্তু এখনো কোনো উত্তর পাইনি। সবকিছুকে কেবল আইনি বা নিয়ন্ত্রক দৃষ্টিকোণ থেকে না দেখে সরকার, বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্যিক ব্যাংকগুলোকে একসাথে বসে মাঠপর্যায়ের বাস্তবতাগুলো সমাধান করতে হবে।”
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রশাসক ফজলুল হক বলেন, “খেলাপি ঋণ বাড়ার পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। প্রথমত, বাংলাদেশ ব্যাংকের নেওয়া এক্সিট পলিসি ও ঋণ পুনর্গঠন-সংক্রান্ত উদ্যোগগুলোর বাস্তবায়ন এখনো সম্পন্ন হয়নি। এসব উদ্যোগ প্রক্রিয়াধীন থাকলেও বিভিন্ন কারণে বাণিজ্যিক ব্যাংকগুলোর অসহযোগিতা বা অনাগ্রহের কারণে সেগুলোর কার্যকর বাস্তবায়ন হচ্ছে না। সব বাণিজ্যিক ব্যাংকের ক্ষেত্রেই এ ধরনের কিছুটা অনাগ্রহ দেখা যাচ্ছে।””দ্বিতীয়ত, দেশে ব্যবসা-বাণিজ্যে এক ধরনের মন্দা চলছে। চাহিদা কম থাকায় অনেক ব্যবসায়ী সময়মতো ঋণের কিস্তি পরিশোধ করতে পারছেন না। ফলে নতুন করে খেলাপি ঋণ তৈরি হচ্ছে। আমার ধারণা, এই দুটি কারণেই খেলাপি ঋণ বাড়ছে” –যোগ করেন তিনি।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ বলেন, খেলাপি ঋণ বাড়ার পেছনে বেশ কয়েকটি বিষয় ভূমিকা রেখেছে। তিনি বলেন, “দীর্ঘদিনের অনিয়ম ও দুর্বল ব্যাংক ব্যবস্থাপনা, উচ্চ সুদের হার, বিনিময় হারের চাপ, জ্বালানি সংকট এবং সাম্প্রতিক বছরগুলোতে ব্যবসার খরচ বেড়ে যাওয়ায় অনেক প্রতিষ্ঠান চাপে পড়েছে, যা কিছু ক্ষেত্রে সময়মতো ঋণ পরিশোধ করা কঠিন করে তুলেছে।”
পরিস্থিতি মোকাবিলায় ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করা, প্রকৃত ব্যবসায়ীদের জন্য সহায়ক নীতি গ্রহণ, যৌক্তিক ঋণ পুনঃতফসিলের সুযোগ দেওয়া এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরি করা অপরিহার্য বলে মত দেন তিনি।
২০২৫ সালের ডিসেম্বরে বাংলাদেশ ব্যাংক পর্যাপ্ত জামানত থাকা ঋণগুলো আংশিক অবলোপন (পার্শিয়াল রাইট-অফ) করার অনুমতি দেয়, যা আন্তর্জাতিকভাবে ‘আইএফআরএস ৯’ হিসাবরক্ষণ বিধির অধীনে একটি প্রচলিত পদ্ধতি। কেন্দ্রীয় ব্যাংক সূত্রের প্রাক্কলন ছিল, এই পদক্ষেপটি পুরোপুরি বাস্তবায়িত হলে ব্যাংকিং খাতের খেলাপি ঋণের হার ১৬ থেকে ১৯ শতাংশের মধ্যে নেমে আসতে পারে। অথচ খুব কম ব্যাংকই এই সুযোগ গ্রহণ করেছে। এ ক্ষেত্রে ব্যাংক এশিয়া একটি বিরল ব্যতিক্রম। ব্যাংকটি ইতোমধ্যেই প্রায় ১,৭০০ কোটি টাকার ঋণ অবলোপন করেছে এবং আরও ৮০০ কোটি টাকা অবলোপনের পরিকল্পনা করছে।
ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন বলেন, “আগামী ডিসেম্বরের মধ্যে আমাদের খেলাপি ঋণের হার প্রায় ৫ শতাংশে নেমে আসবে বলে আশা করা হচ্ছে।” প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি সংরক্ষণের শর্ত পূরণ করতে গিয়ে ব্যাংকটিকে মুনাফায় বড় ধরনের ছাড় দিতে হয়েছে বলে স্বীকার করেন তিনি। আর এই সিদ্ধান্তকে সমর্থন দিয়েছিল ব্যাংকটির পরিচালনা পর্ষদ। তিনি ব্যাখ্যা করে বলেন, “কোনো ঋণ অবলোপন করলে তা ব্যালেন্স শিট থেকে বাদ পড়ে ঠিকই, কিন্তু এতে আইনিভাবে অর্থ পুনরুদ্ধারের প্রক্রিয়া বন্ধ হয়ে যায় না। আমাদের কৌশল ছিল চাপ প্রয়োগ করা। শুরুতে গ্রাহকরা আশা করেছিলেন, আমরা অন্যান্য ব্যাংকের মতো তাঁদের ঋণ ৮ বা ১০ বছরের জন্য পুনঃতফসিল করে দেব, কিন্তু আমরা সেটা প্রত্যাখ্যান করেছি।”
কঠোর এই অবস্থানের কারণে শুরুতে ব্যাংক এশিয়ার খেলাপি ঋণের হার ৩.৫ শতাংশ থেকে বেড়ে প্রায় ১৬ শতাংশে পৌঁছে গেলেও সোহেল আর কে হোসেন জানান, দুই থেকে তিন বছরের ধারাবাহিক চাপের ফলে ঋণগ্রহীতারা এখন আলোচনার টেবিলে আসতে বাধ্য হয়েছেন এবং ঋণ আদায় পুনরায় শুরু হয়েছে।
অন্যান্য ব্যাংকের এই পথ অনুসরণে অনীহা দেখে এই প্রশ্ন জোরালোভাবে উঠছে যে, এই ধাক্কা সামলানোর মতো পর্যাপ্ত মূলধন বা ক্যাপিটাল বাফার তাদের হাতে আদৌ আছে কি না। সোহেল আর কে হোসেন বলেন, “ব্যাংকগুলো যদি পর্যাপ্ত প্রভিশন সংরক্ষণ করে, তাহলে যোগ্য ঋণগুলো আংশিক অবলোপন না করার কোনো যৌক্তিকতা নেই।”