• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
Headline
জার্মান শ্রমবাজারের ঘাটতি মেটাচ্ছেন ভারতীয় কর্মীরা এক ডলারে মিলছে ইরানের ৩০ লাখ রিয়াল ক্ষমতা হারানোর শঙ্কায় নেতানিয়াহু, অপেক্ষা ‘অলৌকিক কিছুর’ মার্কিন বাহিনীর ওপর হামলায় স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেছে ইরান: ওয়াশিংটন পোস্ট ইরানের বিরুদ্ধে ইরাক কি ট্রাম্পের হাতিয়ার হয়ে উঠছে অস্বাভাবিক লেনদেন, গোপালগঞ্জে লক্ষাধিক মোবাইল আর্থিক হিসাব বন্ধ এখন জাহাজে আসা কাঁচামাল দিয়ে দেশেই তৈরি হচ্ছে সিমেন্ট মূল্যবৃদ্ধি ও অর্থনৈতিক বাস্তবতায় দ্রুত বাড়ছে শেয়ারে ভবন নির্মাণের প্রবণতা, চাপে প্রথাগত আবাসন ব্যবসা রোজার মাসের বেশির ভাগ পণ্যের সরবরাহ পরিস্থিতি স্বস্তিদায়ক নির্মাণসামগ্রীর চড়া দামে ব্যয় বেড়েছে, বিপাকে সাধারণ মানুষ

এখন জাহাজে আসা কাঁচামাল দিয়ে দেশেই তৈরি হচ্ছে সিমেন্ট

Reporter Name / ৮ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

প্রভাত অর্থনীতি: একসময় চট্টগ্রাম বন্দরে বিদেশি সিমেন্টের বস্তা খালাস হতো। এখন জাহাজে আসা কাঁচামাল দিয়ে দেশেই তৈরি হচ্ছে সেই সিমেন্ট। আড়াই দশকের এই পরিবর্তন বাংলাদেশের শিল্পায়নের একটি উল্লেখযোগ্য অর্জন। এখন সিমেন্ট শিল্পের সামনে নতুন লক্ষ্য—বিপুল উৎপাদনক্ষমতার সর্বোত্তম ব্যবহার, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা এবং কম খরচে আরও দক্ষ ও পরিবেশবান্ধব উৎপাদন। আগামী দিনের আরেকটি চ্যালেঞ্জ পরিবেশবান্ধব উৎপাদন। বিশ্বজুড়ে নির্মাণসামগ্রীর কার্বন নিঃসরণ কমানোর ওপর গুরুত্ব বাড়ছে। বাংলাদেশের সিমেন্টশিল্পকেও উৎপাদনে জ্বালানি সাশ্রয়, ক্লিংকারের বিকল্প উপাদানের ব্যবহার এবং পরিবেশগত প্রভাব কমানোর দিকে আরও মনোযোগ দিতে হবে। অবশ্য সামনে সুযোগও রয়েছে। নগরায়ণ, আবাসন ও অবকাঠামো উন্নয়নের সঙ্গে সিমেন্টের চাহিদা বাড়ার সম্ভাবনা আছে। পাশাপাশি আঞ্চলিক রপ্তানি বাজার সম্প্রসারণের সুযোগও কাজে লাগাতে পারেন উদ্যোক্তারা।
বাংলাদেশে সিমেন্ট উৎপাদনের ইতিহাস অবশ্য আরও পুরোনো। ১৯৪১ সালে সিলেটের ছাতকে সুরমা নদীর তীরে প্রতিষ্ঠিত হয় আসাম বেঙ্গল সিমেন্ট কোম্পানি। এটিই ছিল এ অঞ্চলের প্রথম সিমেন্ট কারখানা। স্বাধীনতার পর কারখানাটি রাষ্ট্রায়ত্ত খাতের অধীনে আসে। এরপর সত্তরের দশকে চট্টগ্রামে গড়ে ওঠে চিটাগাং সিমেন্ট ক্লিংকার অ্যান্ড গ্রাইন্ডিং কারখানা। পরবর্তী সময়ে এটি হাইডেলবার্গ সিমেন্টের নিয়ন্ত্রণে যায়। তবে দীর্ঘ সময় দেশে সিমেন্ট উৎপাদনের সক্ষমতা ছিল সীমিত। ফলে চাহিদার বড় অংশই মেটাতে হতো আমদানি করে। এই পরিস্থিতির পরিবর্তন শুরু হয় নব্বইয়ের দশকে। বেসরকারি উদ্যোক্তারা সিমেন্ট উৎপাদনে বিনিয়োগ শুরু করেন। কনফিডেন্স সিমেন্ট, মেঘনা সিমেন্ট, ডায়মন্ড সিমেন্ট, আরামিটসহ কয়েকটি প্রতিষ্ঠান এই খাতে অগ্রণী ভূমিকা রাখে।
নব্বইয়ের দশকের শেষভাগ ও নতুন শতকের শুরুতে বিনিয়োগ আরও গতি পায়। ক্রাউন সিমেন্ট, শাহ সিমেন্ট, ইউনিক সিমেন্টের ফ্রেশ ব্র্যান্ড, প্রিমিয়ার সিমেন্ট, আকিজ সিমেন্ট, আনোয়ার সিমেন্ট, এস আলম সিমেন্ট, মেট্রোসেমসহ একের পর এক প্রতিষ্ঠান সিমেন্টের বাজারে যুক্ত হয়। দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি হাইডেলবার্গ, লাফার্জ ও হোলসিমের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানও এ খাতে বিনিয়োগ করে।
শিল্পের এই সম্প্রসারণে সরকারি নীতিরও ভূমিকা ছিল। বিশ্বব্যাংকের একটি গবেষণা অনুযায়ী, ১৯৯৯ থেকে ২০০১ সালের মধ্যে ধূসর পোর্টল্যান্ড সিমেন্টের ওপর সুরক্ষামূলক আমদানি শুল্কভার প্রায় ৩৬ শতাংশ থেকে ৭০ শতাংশে উন্নীত করা হয়। এতে প্রস্তুত সিমেন্ট আমদানির তুলনায় দেশে উৎপাদনের জন্য বিনিয়োগ আকর্ষণীয় হয়ে ওঠে। অন্যদিকে নগরায়ণ, আবাসন নির্মাণ ও অবকাঠামো উন্নয়নের কারণে সিমেন্টের বাজারও বড় হতে থাকে। চাহিদা বৃদ্ধির সম্ভাবনা দেখে নতুন কারখানা স্থাপন ও বিদ্যমান কারখানার উৎপাদনক্ষমতা বাড়াতে থাকেন উদ্যোক্তারা। এই বিনিয়োগের ব্যাপ্তি বোঝা যায় বিশ্বব্যাংকের আরেকটি পরিসংখ্যানে। ২০০৩ সালে দেশে প্রায় ৬০টি সিমেন্ট গ্রাইন্ডিং কারখানা ছিল। সেগুলোর সম্মিলিত বার্ষিক উৎপাদনক্ষমতা ছিল প্রায় ১ কোটি ২০ লাখ টন। অথচ প্রকৃত উৎপাদন ছিল প্রায় ৬০ লাখ টন, অর্থাৎ শিল্পের বিকাশের শুরুর দিকেই চাহিদার চেয়ে বেশি উৎপাদনক্ষমতা তৈরি হয়েছিল।
পরবর্তী দুই দশকে সেই সক্ষমতা আরও কয়েক গুণ বেড়েছে। বড় শিল্পগোষ্ঠীগুলো সিমেন্ট খাতে বিনিয়োগ সম্প্রসারণ করেছে। প্রতিযোগিতায় টিকে থাকতে উৎপাদনক্ষমতার পাশাপাশি গুরুত্ব পেয়েছে পণ্যের মান, প্রযুক্তি ও সরবরাহব্যবস্থা। দেশের সিমেন্টশিল্পের পরিবর্তন শুধু উৎপাদনের পরিমাণে সীমাবদ্ধ থাকেনি। বদলে গেছে সিমেন্টের ধরন এবং নির্মাণকাজের চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহের সক্ষমতাও। ২০০১ সাল পর্যন্ত দেশের বাজারে মূলত অর্ডিনারি পোর্টল্যান্ড সিমেন্ট বা ওপিসি পাওয়া যেত। নতুন শতকের শুরুতে বাজারে আসে পোর্টল্যান্ড কম্পোজিট সিমেন্ট বা পিসিসি। ধীরে ধীরে পিসিসিই বাজারে প্রধান জায়গা করে নেয়। বাংলাদেশ সিমেন্ট প্রস্তুতকারক সমিতির হিসাবে, বর্তমানে দেশে ব্যবহৃত সিমেন্টের প্রায় ৯৫ শতাংশই পিসিসি।
একসময় চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে খালাস হতো বিদেশ থেকে আমদানি করা সিমেন্টের বস্তা। সেখান থেকে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করা হতো নির্মাণকাজের এই উপকরণ। এখনো সিমেন্টের জন্য জাহাজ আসে বন্দরে। তবে জাহাজের পণ্য বদলে গেছে। প্রস্তুত সিমেন্টের জায়গায় এখন আসে সিমেন্ট তৈরির প্রধান কাঁচামাল ক্লিংকার। সেই ক্লিংকার দিয়েই দেশের কারখানাগুলোতে তৈরি হচ্ছে সিমেন্ট। আড়াই দশকের ব্যবধানে বাংলাদেশের সিমেন্টশিল্পের পরিবর্তনের চিত্রটি এমনই। একসময় যে পণ্যের চাহিদা মেটাতে বিদেশের ওপর নির্ভর করতে হতো, এখন সেই পণ্যের অভ্যন্তরীণ বাজার প্রায় পুরোপুরি দেশীয় উৎপাদকদের দখলে। শুধু চাহিদা মেটানো নয়, সীমিত পরিসরে বিদেশেও যাচ্ছে বাংলাদেশে তৈরি সিমেন্ট। এই পরিবর্তনের পেছনে রয়েছে বেসরকারি উদ্যোক্তাদের ধারাবাহিক বিনিয়োগ, সরকারি নীতিসহায়তা, ক্রমবর্ধমান নির্মাণ বাজার এবং উৎপাদনপ্রযুক্তির আধুনিকায়ন। প্রতিযোগিতার মধ্য দিয়ে বদলেছে পণ্যের ধরন ও মান নিয়ন্ত্রণের ব্যবস্থা। দেশীয় কারখানায় স্থাপিত হয়েছে বিশ্বের বৃহত্তম সিমেন্ট গ্রাইন্ডিং মিলও। এখন দেশের সিমেন্টশিল্পের উৎপাদনক্ষমতা বছরে প্রায় ৮ কোটি ৬০ লাখ টন। এর বিপরীতে বছরে অভ্যন্তরীণ চাহিদা প্রায় ৪ কোটি টন। অর্থাৎ আড়াই দশক আগে আমদানিনির্ভর শিল্পটি এখন চাহিদার দ্বিগুণের বেশি উৎপাদনক্ষমতা নিয়ে দাঁড়িয়ে আছে।
চট্টগ্রাম বন্দরের পুরোনো আমদানির পরিসংখ্যানেই সিমেন্টশিল্পের উত্থানের চিত্র পাওয়া যায়। ১৯৯৯ সালে বন্দরের বাল্ক পণ্য আমদানির প্রায় ৮ শতাংশ ছিল প্রস্তুত সিমেন্ট। সে বছর মাত্র পাঁচটি কারখানা সিমেন্ট তৈরির কাঁচামাল আমদানি করে। তখন কাঁচামালের তুলনায় প্রস্তুত সিমেন্টের আমদানিই ছিল বেশি।
নতুন শতকের শুরুতে এই চিত্র দ্রুত পাল্টাতে থাকে। ২০০০ সালে আরও তিনটি কারখানা সিমেন্ট তৈরির কাঁচামাল আমদানি শুরু করে। পরের বছর কাঁচামাল আমদানিকারক কারখানার সংখ্যা বেড়ে দাঁড়ায় ২৩টিতে। অর্থাৎ প্রস্তুত সিমেন্ট আমদানি করে বাজারে সরবরাহের পরিবর্তে দেশেই সিমেন্ট তৈরির দিকে ঝুঁকতে থাকেন উদ্যোক্তারা।
বন্দর দিয়ে কাঁচামাল আমদানি বাড়ার সঙ্গে সঙ্গে কমতে থাকে প্রস্তুত সিমেন্টের আমদানি। চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, ২০০২ সালে সিমেন্টের প্রধান কাঁচামাল ক্লিংকার আমদানি অর্ধকোটি টন ছাড়িয়ে যায়। বিপরীতে প্রস্তুত সিমেন্টের আমদানি নেমে আসে মাত্র ১০ হাজার টনে। এভাবেই ২০০২ সাল নাগাদ সাধারণ সিমেন্টের চাহিদা মেটানোর সক্ষমতা গড়ে ওঠে দেশে। পরবর্তী সময়ে বিশেষায়িত কিছু পণ্য ছাড়া প্রস্তুত সিমেন্টের আমদানি আর বড় পরিসরে প্রয়োজন হয়নি। মাত্র কয়েক বছরের এই পরিবর্তন ছিল দেশের শিল্পায়নের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। যে বাজার একসময় বিদেশি সিমেন্টের ওপর নির্ভর করত, সেই বাজারে জায়গা করে নেয় দেশে তৈরি সিমেন্ট।
সিমেন্টের এই পরিবর্তনের সঙ্গে যুক্ত হয় পণ্যের বৈচিত্র্য। সাধারণ ভবন নির্মাণের পাশাপাশি বড় অবকাঠামো, শিল্পকারখানা ও উপকূলীয় স্থাপনার প্রয়োজন বিবেচনায় বিভিন্ন ধরনের সিমেন্ট বাজারজাত করতে শুরু করেন উদ্যোক্তারা। বড় প্রকল্পের জন্য নির্দিষ্ট মান ও বৈশিষ্ট্যের সিমেন্ট সরবরাহের সক্ষমতাও গড়ে ওঠে। পদ্মা সেতু, মেট্রোরেল, বিদ্যুৎকেন্দ্রসহ দেশে বাস্তবায়িত বড় অবকাঠামো প্রকল্পগুলো সিমেন্টের বাজারের জন্য নতুন সুযোগ তৈরি করে।
বাংলাদেশ সিমেন্ট প্রস্তুতকারক সমিতির সভাপতি আমিরুল হক গণমাধ্যমকে বলেন, দেশীয় উদ্যোক্তাদের হাত ধরেই সিমেন্টশিল্পে বিপ্লব হয়েছে। চাহিদা মিটিয়ে সিমেন্ট রপ্তানি হচ্ছে। আবার বিশ্বমানের সিমেন্ট তৈরি হচ্ছে দেশে। আমিরুল হকের মতে, দেশে বাস্তবায়িত বড় প্রকল্পগুলোতে আন্তর্জাতিক মান যাচাইয়ের পর দেশীয় সিমেন্টের ব্যবহার স্থানীয় শিল্পের সক্ষমতার গুরুত্বপূর্ণ প্রমাণ।
সিমেন্টশিল্পে সবচেয়ে দৃশ্যমান পরিবর্তনগুলোর একটি ঘটেছে উৎপাদন প্রযুক্তিতে। শুরুর দিকে দেশের কারখানাগুলোতে মূলত বল মিল প্রযুক্তিতে সিমেন্ট উৎপাদন করা হতো। পরবর্তী সময়ে আসে হাই-প্রেশার গ্রাইন্ডিং প্রযুক্তি। এরপর বড় কারখানাগুলোতে যুক্ত হতে থাকে ভার্টিক্যাল রোলার মিল বা ভিআরএম। অপেক্ষাকৃত আধুনিক এই প্রযুক্তিতে উৎপাদনদক্ষতা বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ের সুযোগ রয়েছে। প্রযুক্তিগত এই অগ্রযাত্রায় বড় মাইলফলক তৈরি করে আবুল খায়ের গ্রুপের শাহ সিমেন্ট। ২০১৮ সালে মুন্সিগঞ্জের মুক্তারপুরে প্রতিষ্ঠানটি স্থাপন করে বিশ্বের বৃহত্তম ভার্টিক্যাল রোলার সিমেন্ট মিল। ডেনমার্কের এফএলস্মিথের তৈরি এই মিল বিশ্বের বৃহত্তম হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্থান পায়। মিলটির গ্রাইন্ডিং টেবিলের ব্যাস ৮ দশমিক ০৮ মিটার এবং রোলারের ব্যাস ২ দশমিক ৬৪ মিটার। একক মিলের এই বিশাল আকার ও উৎপাদনক্ষমতা বাংলাদেশের সিমেন্টশিল্পকে আন্তর্জাতিক প্রযুক্তিগত পরিসরে বিশেষ পরিচিতি এনে দেয়। শাহ সিমেন্টের পর আধুনিক ভিআরএম প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ায় আরও কয়েকটি প্রতিষ্ঠান। প্রিমিয়ার সিমেন্ট ২০২২ সালের জুলাইয়ে ডেনমার্কের এফএলস্মিথের সরবরাহ করা ভিআরএমের মাধ্যমে বাণিজ্যিক উৎপাদন শুরু করে। এতে প্রতিষ্ঠানটির দৈনিক উৎপাদনক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ে। সর্বশেষ ২০২৬ সালের জানুয়ারিতে নরসিংদীর পলাশে কনফিডেন্স সিমেন্টের নতুন কারখানায়ও উৎপাদন শুরু হয়। সেখানে ব্যবহার করা হয়েছে জার্মানির ভিআরএম প্রযুক্তি। নতুন কারখানাটির বার্ষিক উৎপাদনক্ষমতা ১৮ লাখ টন। বড় ও আধুনিক যন্ত্রপাতি স্থাপনের এই ধারাবাহিকতা দেখায়, বাংলাদেশের সিমেন্টশিল্প এখন কেবল স্থানীয় চাহিদা পূরণের মধ্যেই সীমাবদ্ধ নেই। উৎপাদনদক্ষতা বাড়াতে বৈশ্বিক প্রযুক্তিতে বড় বিনিয়োগ করছেন উদ্যোক্তারা।
অভ্যন্তরীণ বাজারে অবস্থান শক্ত করার পাশাপাশি বিদেশে সিমেন্ট রপ্তানিও শুরু করেছে বাংলাদেশের উৎপাদকেরা। বিশেষ করে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলো বাংলাদেশের সিমেন্টের অন্যতম রপ্তানি বাজার হয়ে উঠেছে। এ ছাড়া দক্ষিণ এশিয়ার আরও কয়েকটি দেশে সীমিত পরিসরে সিমেন্ট রপ্তানির সুযোগ তৈরি হয়েছে। যদিও অভ্যন্তরীণ বাজারের তুলনায় রপ্তানির পরিমাণ এখনো খুবই কম, তবু এই রপ্তানি শিল্পটির পরিবর্তনের আরেকটি দিক তুলে ধরে। যে দেশকে একসময় বিদেশ থেকে সিমেন্ট আনতে হতো, সেই দেশ থেকেই এখন সিমেন্ট যাচ্ছে বিদেশে।
আড়াই দশকের বিনিয়োগে বাংলাদেশের সিমেন্টশিল্প এখন শক্ত উৎপাদনভিত্তির ওপর দাঁড়িয়ে। তবে শিল্পটির সামনে নতুন চ্যালেঞ্জও তৈরি হয়েছে। বাংলাদেশ সিমেন্ট প্রস্তুতকারক সমিতির ২০২৬ সালের মার্চে প্রকাশিত হিসাব অনুযায়ী, ৪১টি কারখানার সম্মিলিত বার্ষিক উৎপাদনক্ষমতা প্রায় ৮ কোটি ৬০ লাখ টন। বিপরীতে ২০২৫ সালে দেশে সিমেন্টের চাহিদা ছিল প্রায় ৩ কোটি ৯৮ লাখ টন।
অর্থাৎ উৎপাদনক্ষমতার অর্ধেকের কম পরিমাণ সিমেন্টের বাজার রয়েছে দেশে। ফলে বিপুল বিনিয়োগের বিপরীতে কারখানাগুলোর সক্ষমতা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। চাহিদার চেয়ে বেশি উৎপাদনক্ষমতা শিল্পের ভবিষ্যৎ সম্প্রসারণের সুযোগ তৈরি করলেও ব্যবসায়িক প্রতিযোগিতা ও ব্যয়ের চাপ বাড়াচ্ছে। আরেকটি বড় বাস্তবতা হলো কাঁচামালের আমদানিনির্ভরতা। দেশে প্রস্তুত সিমেন্টের চাহিদা মেটানোর সক্ষমতা তৈরি হলেও অধিকাংশ কারখানা এখনো আমদানি করা ক্লিংকার, জিপসাম, স্ল্যাগ, ফ্লাই অ্যাশ ও চুনাপাথরের ওপর নির্ভরশীল। ২০২৫ সালেও দেশে প্রায় দুই কোটি টন ক্লিংকার আমদানি হয়েছে। ফলে আন্তর্জাতিক বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধি, জাহাজভাড়া, ডলারের বিনিময় হার এবং বন্দর ও পরিবহনব্যবস্থার জটিলতা সরাসরি প্রভাব ফেলে সিমেন্টের উৎপাদন ব্যয়ে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category